ফরিদগঞ্জে আ.লীগে বহিষ্কৃত নেতা প্রার্থী, ক্ষুব্ধ প্রতিক্রিয়া
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ থেকে অব্যাহতি পাওয়া ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হককে মনোনয়ন দিয়ে চিঠি দেওয়া হয়েছে। এতে দলের সাধারণ নেতা-কর্মী ও সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন।
আওয়ামী লীগ সূত্র জানায়, পৌরসভা থেকে মেয়র পদে আওয়ামী লীগের তিনজন মনোনয়নপত্র তোলেন। তাঁরা হচ্ছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবুল খায়ের পাটওয়ারী, বর্তমান পৌর আওয়ামী লীগের সভাপতি মোতায়ের হোসেন ও বহিষ্কৃত সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুল হক। তাঁদের মধ্যে মাহফুজুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।
আবুল খায়ের পাটওয়ারী বলেন, ‘দল আমার সঙ্গে ঠিক কাজ করেনি। কেন্দ্রীয় নির্বাচনী কাউন্সিল জেলা আওয়ামী লীগের সিদ্ধান্ত অমান্য করেছে। আমি স্বতন্ত্র থেকে নির্বাচনে অংশ নেব।’
মোতায়ের হোসেন বলেন, ‘মাহফুজুল হক দলের কেউ না। তারপরও তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা দলের অনেকেই মেনে নিতে পারছেন না। আমাকে দল মনোনয়ন দেয়নি। তবে যে ব্যক্তিই দলের প্রতীক পাবেন, তাঁর পক্ষে কাজ করব।’
জেলা আওয়ামী লীগ সভাপতি শামছুল হক ভূঁইয়া বলেন, ‘ফরিদগঞ্জ পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে সবার মতামত নিয়ে আবুল খায়ের পাটওয়ারীর নাম পাঠিয়েছিলাম। কিন্তু কোনো অদৃশ্য কারণে মাহফুজুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।’
বিএনপি সূত্র জানিয়েছে, দল থেকে পৌর বিএনপির আহ্বায়ক হারুনুর রশিদ ও বর্তমান মেয়র ও বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জিল হোসেনের নাম পাঠানো হয়। হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়েছে। গতবার বিএনপি থেকে সমর্থন নিয়ে হেরে যাওয়া সফিকুল ইসলাম জাতীয় পার্টি (জাপা) থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।
মঞ্জিল হোসেন বলেন, ‘উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হান্নানের বহিষ্কারাদেশ প্রত্যাহার শর্তে দলের মেয়র প্রার্থী হতে চেয়েছি। সেই শর্ত না মানায় কেন্দ্র থেকে হারুনুর রশিদকে মনোনয়ন দেওয়া হয়।’
জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, জেলার পাঁচটি পৌরসভায় আওয়ামী লীগ ও বিএনপি থেকে মেয়র পদে একাধিক ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ছেংগারচর পৌরসভায় মেয়র পদে ৫ জন, হাজীগঞ্জে ৭ জন, মতলবে ৩ জন, ফরিদগঞ্জে ৭ জন, কচুয়া পৌরসভায় মেয়র পদে ৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।