ফরিদগঞ্জে আ.লীগের নেতাকে কুপিয়ে চোখ উপড়ে ফেলার চেষ্টা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শহরে গত শুক্রবার রাতে আওয়ামী লীগের নেতা আবুল কাশেমকে কুপিয়ে গুরুতর জখম করেছে সন্ত্রাসীরা। এ ছাড়া সন্ত্রাসীরা তাঁর চোখ উপড়ে ফেলার চেষ্টা চালায়। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক আবুল কাশেম গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজার থেকে পৌরসভার কাছিয়াড়া এলাকার বাড়িতে ফিরছিলেন। পথে ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসার সামনে সশস্ত্র সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে গুরুতর জখম করে এবং চোখ উপড়ে ফেলার চেষ্টা করে। তাঁর চিত্কার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা চলে যায়। পরে লোকজন তাঁকে উদ্ধার করে প্রথমে ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্সে ও পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক গতকাল শনিবার প্রথম আলোকে জানান, আবুল কাশেম ডান চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। হাতের আঙুল দিয়ে তাঁর চোখে আঘাত করা হয়েছে বলে মনে হচ্ছে। তাঁর মাথার আঘাতও গুরুতর।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত্ কুমার পালিত গতকাল শনিবার জানান, ‘হামলার কারণ জানা যায়নি। এখনো পর্যন্ত মামলা হয়নি। এলাকায় টহল পুলিশ মোতায়েন করা হয়েছে।’এদিকে আবুল কাশেমের ওপর হামলার প্রতিবাদে গতকাল উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো।