ফরিদগঞ্জে একজনকে কুপিয়ে হত্যা, তাঁর স্ত্রীকে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মান্দারতলী গ্রামে গত বৃহস্পতিবার রাতে সিরাজ মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জখম করা হয়েছে তাঁর স্ত্রী হুনুফা বেগমকে (৪৫)।এ ঘটনায় সিরাজের বড় ভাই আবদুল আজিজ, তাঁর দুই ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন আহত হনুফা বেগম।গ্রামবাসীর ভাষ্যমতে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে আমিরাবাজার গ্রামের কোনাবাড়ীর সিরাজ মিয়ার সঙ্গে তাঁর বড় ভাই আবদুল আজিজের বিরোধ চলছিল। এ নিয়ে উভয় পরিবার একাধিক মামলাও করেছে। কিছুদিন আগে সিরাজের এক মেয়ে ও আজিজের এক ছেলে বাসা থেকে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় সিরাজ অপহরণের মামলা করলে তাঁর মেয়ে ও জামাইকে গ্রেপ্তার করে পুলিশ।মামলার এজাহারে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে স্থানীয় খাজুরিয়া বাজারে চিকিৎসককে দেখিয়ে বাড়ি ফিরছিলেন সিরাজ মিয়া ও তাঁর স্ত্রী। রাত ১০টার দিকে মান্দারতলী গ্রামে আজিজ, তাঁর দুই ছেলে আরিফ (২২) ও ফারুকসহ (২৫) ১২ জন তাঁদের ওপর হামলা চালান। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে সিরাজ ও তাঁর স্ত্রীকে কোপাতে থাকেন। একপর্যায়ে দুজনকে রাস্তার পাশের ধানখেতে ফেলে চলে যান তাঁরা।এরপর গ্রামবাসী সিরাজ ও হনুফাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হয়। পথে সিরাজের মৃত্যু হয়। হনুফাকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। এদিকে গতকাল আমিরাবাজার গ্রামের বাড়িতে গিয়ে আবদুল আজিজ ও তাঁর পরিবারের কাউকে পাওয়া যায়নি।ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম বলেন, জমিজমা, মেয়েকে ভাগিয়ে বিয়ে করার জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আসামিরা পলাতক। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।