ফরিদগঞ্জে এবারও ভোট দেননি নারীরা
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৬ নম্বর রূপসা দক্ষিণ ইউনিয়নের নারী ভোটাররা এবারও ভোট দেননি। গতকাল বৃহস্পতিবার সকাল আটটা থেকে বেলা একটা পর্যন্ত নয়টি ভোটকেন্দ্র ঘুরে পুরুষ ভোটার দেখা গেলেও নারী ভোটারের উপস্থিতি চোখে পড়েনি। এমনকি সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থীরাও ভোটদান থেকে বিরত থেকেছেন।উপজেলা নির্বাচন কর্মকর্তা ফজলুর রহমান জানান, এই ইউনিয়নে ১৩ হাজার ২৪৯ জন ভোটারের মধ্যে ছয় হাজার ৯৬৩ জন নারী। তিনি আরও জানান, তাঁরা এক পীরের ‘ফতোয়া রক্ষায়’ ভোট দেওয়া থেকে বিরত থাকছেন।ভোট দিতে আসা ১০৬ বছর বয়সের আরশাদ আলী জানান, ৪০-৫০ বছর আগে তাঁদের এলাকায় জৈনপুরের পীর হাসান মওদুদ এসে নারীদের ভোট না দেওয়ার উপদেশ দিয়ে যান। সেই থেকে এখানকার নারীরা ভোট দেন না।এই ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী তোফায়েল আহমেদ জানান, তিনি এবারসহ পরপর তিনবার নির্বাচন করছেন। কিন্তু কোনো নারীকে ভোট দিতে দেখেননি। তিনি আরও জানান, তাঁর পরিবারের নারী সদস্যরাও ভোট দেন না।জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এই এলাকার নারীদের নিয়ে সভা করে ভোট দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছি। এর পরও ভোট দিতে তাঁদের না আসা দুঃখজনক।’সংরক্ষিত নারী সদস্য পদপ্রার্থী মনোয়ারা বেগম ও কোহিনূর বেগম বলেছেন, তাঁরা যদি ভোট দেন, তাহলে পুরুষ ভোটাররা তাঁদের ভোট দেবেন না। এ কারণে তাঁরা নিজেরাও ভোট দিতে যাননি।