ফরিদগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে সাতজন গ্রেপ্তার, রিমান্ড
চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে গতকাল শুক্রবার ভোরে ডাকাতির প্রস্তুতিকালে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, শরাফত তালুকদার (২২), রুবেল (২২), জামাল উদ্দিন (২৬), শাহ আলম (৩০), কাদের (২২), সুমন (২১) ও্র শরীফ (২০)। পুলিশের ভাষ্যমতে, সন্দেহজনক গতিবিধির কারণে উপজেলার কামতা বেড়িবাঁধ এলাকা থেকে শরাফত, শরীফ, রুবেল ও জামাল উদ্দিনকে প্রথমে আটক করা হয়। পরে তল্লাশি করে তাঁদের কাছ থেকে মুখোশ, স্কচটেপ ও রশি উদ্ধার করা হয়। তাঁরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন বলে জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যমতে পুলিশ পরে জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে কাদের ও শাহ আলম এবং ফরিদগঞ্জ উপজেলার কামতা এলাকা থেকে সুমনকে আটক করে। তাঁরা গত কয়েক মাসে বিভিন্ন স্থানে চুরি ও ডাকাতিতে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) জাভেদুল ইসলাম জানান, এ ঘটনায় এসআই আলমগীর হোসেন বাদী হয়ে মামলা করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত ব্যানার্জ্রিবলেন, গ্রেপ্তার ব্যক্তিদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে আদালত দুই দিন মঞ্জুর করেছেন।