ফরিদগঞ্জে তিন মেয়র প্রার্থী সরে দাঁড়ালেন
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভায় দুজন ‘বিদ্রোহী’সহ তিনজন মেয়র প্রার্থী ও তিনজন কাউন্সিলর প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। গতকাল রোববার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা এ আবেদন করেন।
মনোনয়নপত্র প্রত্যাহারকারী মেয়র প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ আবুল খায়ের পাটওয়ারী, বিএনপির ‘বিদ্রোহী’ ইমাম হোসেন ও জাতীয় পার্টির (জাপা) সফিকুল ইসলাম পাটওয়ারী। কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ২ নম্বর ওয়ার্ডের মো. আলী মৃধা, ৩ নম্বর ওয়ার্ডের জাকির হোসেন চৌধুরী ও ৯ নম্বর ওয়ার্ডের মোফাজ্জল হোসেনও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।
গতকাল বেলা ১১টার দিকে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আবুল খায়ের পাটওয়ারী ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, দলীয় নেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মনোনয়নপত্র প্রত্যাহার করছি। দলের প্রতীক যাঁকে দেওয়া হয়েছে, তাঁর জন্যই কাজ করব।
একই দিন সকালে জাপার মেয়র প্রার্থী সফিকুল ইসলাম পাটওয়ারী শারীরিক সমস্যা দেখিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। দুপুরে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী ইমাম হোসেন পারিবারিক ও ব্যক্তিগত সমস্যা দেখিয়ে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।