ফরিদগঞ্জে দলিল লেখকদের ধর্মঘট চলছেই, ভোগান্তি
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে দলিল লেখকেরা গত ১৭ মে থেকে লাগাতর ধর্মঘট পালন করছেন। এ কারণে দলিল লেখকদের মাধ্যমে জমি নিবন্ধন বন্ধ রয়েছে। এতে উপজেলার জমির ক্রেতা-বিক্রেতাদের ভোগান্তি পোহাতে হচ্ছে।সাব-রেজিস্ট্রারের অপসারণ দাবি করে উপজেলার দলিল লেখক সমিতি গত বুধবার বিভিন্ন দপ্তরে আবেদনপত্র জমা দিয়েছেন। সমিতি সূত্র জানায়, আগে উপজেলায় প্রতিদিন প্রায় ৫০টি দলিল নিবন্ধন হতো। কিন্তু বর্তমানে দলিল লেখকদের ধর্মঘটের কারণে দিনে মাত্র দু-একটি দলিল নিবন্ধিত হচ্ছে।জমি বিক্রি করতে আসা কালিরবাজার এলাকার লোকমান বলেন, ‘ছেলেকে বিদেশে পাঠানোর জন্য আগামীকালের মধ্যে টাকা জমা দিতে হবে। কিন্তু দলিল লেখকদের কলম বিরতির কারণে জমি বিক্রি করতে পারছি না।’ ফরিদগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি লতিফ পণ্ডিত ও সম্পাদক আবুল হোসেন গাজী জানান, জমি নিবন্ধনের সময় সাব-রেজিস্ট্রার অহেতুক বিভিন্ন অজুহাত তুলে এবং নানা কৌশল অবলম্বন করে তাঁকে অতিরিক্ত হারে ঘুুষের টাকা প্রদানে দলিল লেখকদের বাধ্য করেন। ঘুষের টাকা না দিলে তিনি জমি নিবন্ধন না করে দলিল লেখকদের বিভিন্নভাবে হয়রানি করেন। সাব-রেজিস্ট্রার মো. লোকমান হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সরকারি সব নিয়মনীতি মেনে দলিল লেখার কথা বলায় এবং গুটিকয়েক দলিল লেখকের ভুল ধরায় দলিল লেখক সমিতির নেতারা ক্ষুব্ধ হয়ে কলম বিরতি শুরু করেছেন।’