ফরিদগঞ্জে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ভোট গ্রহণ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোটার শূন্য প্রত্যাশী আর এ উচ্চবিদ্যালয় কেন্দ্র। সকাল নয়টার দিকে ছবিটি তোলা হয়। ছবি: আলম পলাশ
ভোটার শূন্য প্রত্যাশী আর এ উচ্চবিদ্যালয় কেন্দ্র। সকাল নয়টার দিকে ছবিটি তোলা হয়। ছবি: আলম পলাশ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। আজ সোমবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। বিকেল চারটা পর্যন্ত চলবে।

গত ২৭ ফেব্রুয়ারি ফরিদগঞ্জ উপজেলা নির্বাচনে ভোট নেওয়া হয়। এতে চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুজন নির্বাচিত হলেও ছয়টি কেন্দ্রে বিশৃঙ্খলা হওয়ায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদের ফলাফল স্থগিত রাখা হয়।

কেন্দ্রগুলো হলো প্রত্যাশী আর এ উচ্চবিদ্যালয়, দক্ষিণ চর রাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিরামপুর উচ্চবিদ্যালয়, লড়াইরচর বাইতুন নবী দাখিল মাদ্রাসা ও পূর্ণ হর্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

সকালে তিনটি কেন্দ্র ঘুরে দেখা যায়, কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি তেমন নেই বললেই চলে। তবে সকাল ১০টার মধ্যে দক্ষিণ চর রাঘবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ৬০০ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা সারোয়ার জাহান। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা এক হাজার ৯৯৪। এই কেন্দ্রে শুধু আওয়ামী লীগ-সমর্থিত ওয়াহিদুর রহমান রানার (চশমা) এজেন্টরাই রয়েছেন। অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।

নির্বাচনে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত ওয়াহিদুর রহমান রানা (চশমা) ৫৪ হাজার ৫১৪ ভোট ও জামায়াত-সমর্থিত শরীফ মো. আবদুল কুদ্দুস (বই) ৪৫ হাজার ৯০৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন।
এই উপজেলায় ইতোমধ্যে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত আবু সাহেদ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিনা নাসরিন বিজয়ী হয়েছেন।