ফরিদগঞ্জে বাসদের নেতার ওপর হামলা, প্রতিবাদে মিছিল-সমাবেশ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় গত মঙ্গলবার রাতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) নেতা আলমগীর হোসেনকে বেদম মারধর করা হয়েছে। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীর দলের চাঁদপুর জেলা আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।আলমগীর হোসেন জানান, তিনি রাত নয়টার দিকে ফরিদগঞ্জের চরহোগলা গ্রামের নিজ বাড়ি থেকে চাঁদপুর জেলা সদরের বাড়িতে যাওয়ার জন্য কালিরবাজার চৌরাস্তায় অপেক্ষা করছিলেন। তিনি অভিযোগ করেন, এ সময় দুই-তিনটি মোটরসাইকেলযোগে একই এলাকার আকবর হোসেনের নেতৃত্বে হারুন ও কবিরসহ কয়েকজন তাঁকে লাঠি দিয়ে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত হন। তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে তাঁকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার পালিত জানান, এ ঘটনায় মামলা হয়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। সর্বদলীয় এই প্রতিবাদ সমাবেশে আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। তাঁরা এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের জন্য তিন দিনের সময় বেঁধে দেন।