ফরিদগঞ্জে বিএনপির শতাধিক নেতা-কর্মীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জের রূপসা ইউনিয়নে বিএনপির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে হামলা, ভাঙচুর ও সহিংসতার অভিযোগে তিনটি পৃথক মামলা হয়েছে। মামলার পর গ্রেপ্তার এড়াতে অনেক নেতা-কর্মী গা ঢাকা দিয়েছেন। গত সপ্তাহে বিএনপির ডাকা টানা তিন দিনের হরতালে এসব মামলা হয়। গত রোববার হরতালের প্রথম দিনে মামলা করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইসকান্দার আলী। সোমবার মামলা করেন ইউনিয়ন সভাপতির ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল। মঙ্গলবার তৃতীয় মামলাটি করেন ইউনিয়ন যুবলীগের একটি ওয়ার্ড কমিটির সভাপতি মো. সোহাগ।এসব মামলায় রূপসা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় বিএনপির সভাপতি বিল্লাল খাঁসহ শতাধিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী রূপসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. রুবেল বলেন, ‘হরতালের দিনে বিএনপির সন্ত্রাসীরা গায়ে পড়ে আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে যুবলীগ ও ছাত্রলীগের বেশ কয়জন নেতা-কর্মী আহত হয়েছেন।’ তবে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সোহেল খান বলেন, হরতালে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের সামনেই অতর্কিতে হামলা চালিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এরপর উল্টো বিএনপির নেতা-কর্মীদের নামে হামলা ও ভাঙচুরের মামলা হয়েছে।ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি বলেন, হরতালের তিন দিনে পৃথক তিন মামলায় শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এসব মামলায় বুধবার রাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ফরিদগঞ্জের বিএনপির সাংসদ হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, শতাধিক নেতা-কর্মীর নামে হয়রানিমূলক মিথ্যা মামলা হয়েছে। অনেক নেতা-কর্মী মামলার ভয়ে এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু সরকারি দলের নেতা-কর্মীদের মনে রাখা দরকার, ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়।