ফরিদগঞ্জে বিতর্কিত শিক্ষককে দায়িত্ব না দিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে এলাকায় বিতর্কিত এক শিক্ষককে দায়িত্ব না দেওয়ার জন্য গতকাল রোববার উপজেলা ইউএনও কার্যালয়ের সামনে মানববন্ধন শেষে ইউএনওকে স্মারকলিপি দেওয়া হয়েছে।এলাকায় বিতর্কিত ওই শিক্ষকের নাম হচ্ছে বশির উল্লা বিএসসি। অভিভাবকদের পক্ষ থেকে ওই দাবিতে এর আগে ফরিদগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন অভিভাবকেরা।ওই বিদ্যালয়ের প্রায় এক হাজার ২০০ জন শিক্ষার্থীর অভিভাবকদের পক্ষ থেকে ইউএনওকে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা শাহাজাহানের পরিবর্তে বশির উল্লা বিএসসিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য ১৩ অক্টোবর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বশির উল্লা একজন অযোগ্য শিক্ষক ও তদবিরবাজ হিসেবে পরিচিত এবং তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের পাঠদানে ব্যর্থতা নিয়ে বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটিতে আলোচনা হয়েছে।এর আগে ফরিদগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফরিদগঞ্জ এআর পাইলট উচ্চবিদ্যালয়ের বশির উল্লার বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে অভিভাবকদের পক্ষে বক্তব্য দেন মাহাবুবুর রহমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ, মো. মুকুল ও আবদুল খালেক।