ফরিদগঞ্জে বিদ্যালয়ে ‘অনিয়ম’ বন্ধের দাবিতে মানববন্ধন
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরের এ আর পাইলট উচ্চবিদ্যালয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অনিয়ম বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার শতাধিক প্রাক্তন শিক্ষার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে ইউএনও সাইফুল ইসলাম মজুমদারের কাছে স্মারকলিপি দেন। মানববন্ধন কর্মসূচি চলাকালে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের মধ্যে বক্তব্য দেন মো. মাসুদ, ইমন, আমজাদ প্রমুখ। শিক্ষার্থীরা বলেন, এই বিদ্যালয় প্রায় অর্ধশত বছরের পুরোনো। এ সময়ের মধ্যে এই বিদ্যালয় থেকে পাস করে যাওয়া অনেক শিক্ষার্থী চিকিৎসক, প্রকৌশলীসহ বিভিন্ন পেশায় নিযুক্ত হয়েছেন। নানা ক্ষেত্রে তাঁরা সাফল্যের পরিচয় দিয়েছেন। কিন্তু এখন বিদ্যালয়ে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতা চলছে। পাঁচ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে চলছে এর কার্যক্রম। শিক্ষার মান কমে যাচ্ছে।স্মারকলিপিতে সুনির্দিষ্ট নীতিমালার মাধ্যমে যোগ্য শিক্ষক নিয়োগ, অবিলম্বে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ, ইভ টিজিং বন্ধে বিদ্যালয়ে একটি অভিযোগ বাক্স স্থাপন, নির্বিঘ্ন শিক্ষার পরিবেশের স্বার্থে সীমানাপ্রাচীর নির্মাণসহ বিভিন্ন দাবি বাস্তবায়নের কথা জানানো হয়।