ফরিদগঞ্জে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ ছয়জন কারাগারে!
ভুয়া ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সেজে চাঁদপুরের ফরিদগঞ্জে বিরোধপূর্ণ একটি জলাশয়ের মাছ ধরতে গেলে গতকাল সোমবার ছয়জনকে পুলিশে সোপর্দ করা হয়। তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয়দানকারী সাদিকুল ইসলামের বাড়ি সিলেটের কোম্পানীগঞ্জের ইসলামপুর গ্রামে। পুলিশ তাঁর কাছ থেকে একটি ব্যক্তিগত গাড়ি জব্দ করেছে। র্যা ব ও ডিবি পুলিশ পরিচয় দেওয়া অন্য পাঁচজন হলেন: আরিফ আল মামুন, আহমেদ হোসেন, আবুল কালাম আজাদ, আলমগীর খান ও হাবিব। এঁদের মধ্যে আরিফ ও আহমেদের বাড়ি শরীয়তপুরে, আলমগীরের বাড়ি ফরিদগঞ্জে ও হাবিবের বাড়ি লালমনিরহাটে। এ ছাড়া, আবুল কালাম ফরিদগঞ্জের ইসলামপুর সিনিয়র মাদ্রাসার ইংরেজি বিভাগের প্রভাষক। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার ধানুয়া গ্রামের প্রায় ৬৮ একর জলাশয়ে মাছ চাষ করা হয়। এ মাছ চাষ নিয়ে এর অংশীদার রাধাকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সঙ্গে অপর অংশীদার আলমগীরের বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধের জন্য জলাশয়ে কোনো পক্ষই মাছ ধরতে পারছিল না। কিন্তু আলমগীরের সঙ্গে পরিচয়ের মাধ্যমে ভুয়া ম্যাজিস্ট্রেট ও ডিবি সেজে গতকাল সকালে কিছু লোকজন সেখানে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের পরিচয় জানতে চাইলে তাঁরা ডিবির লোক ও সঙ্গে থাকা ম্যাজিস্ট্রেটের নির্দেশে মাছ ধরতে এসেছে বলে জানান। বিষয়টি সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ওই ছয়জনকে আটক করে থানায় নিয়ে যায়। ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জাবেদুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁদের গতকালই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে সাদেকুল ইসলাম নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দেওয়ার কথা অস্বীকার করে বলেন, আলমগীর হোসেন, রাধাকৃষ্ণ ও শ্রীকৃষ্ণ মৎস্য খামারে একে অপরের অংশীদার। উভয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতেই মাছ ধরার সিদ্ধান্ত হয়।