ফরিদগঞ্জে ভোট কারচুপির অভিযোগের তদন্ত চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় চতুর্থ ধাপে অনুষ্ঠিত পাইকপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নয়টি ভোটকেন্দ্রে অনিয়ম ও কারচুপির অভিযোগের বিষয়ে তদন্ত শুরু হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে গত সোমবার জেলা নির্বাচন কার্যালয় ওই অভিযোগের তদন্ত শুরু করে।

জেলা নির্বাচন কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী শওকত আলী নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও তাঁর কর্মীদের বিরুদ্ধে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির গত ২৮ এপ্রিল নির্বাচন কমিশনে ওই ইউপি নির্বাচনের কড়ইতলা উচ্চবিদ্যালয়সহ নয়টি ভোটকেন্দ্রে ব্যাপক ভোট জালিয়াতি ও কারচুপি হয়েছে বলে লিখিত অভিযোগ করেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্র আরও জানায়, ১৩ জুলাই নির্বাচন কমিশন বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য জেলা নির্বাচন কর্মকর্তাকে চিঠি দেয়। জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান বলেন, নির্বাচন কমিশনের নির্দেশে সোমবার থেকে তিনি অভিযোগের তদন্তকাজ শুরু করেন। সোমবার ও গতকাল মঙ্গলবার ওই ইউপি নির্বাচনের নয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা এবং নয় ওয়ার্ডে নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। জেলা নির্বাচন কর্মকর্তা আরও বলেন, অভিযোগের সত্যতা সম্পর্কে এখন কোনো মন্তব্য করা যাবে না। ওই ইউপির বিএনপির চেয়ারম্যান প্রার্থী হুমায়ুন কবির অভিযোগ করেন, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে তাঁর অভিযোগের সত্যতা পাওয়া যাবে।

ওই ইউপির নির্বাচিত চেয়ারম্যান শওকত আলী বলেন, তদন্ত কর্মকর্তারা তাঁকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেছেন। তিনি এসব প্রশ্নের যথাযথ উত্তর দিয়েছেন। তিনি দাবি করেন, ওই ইউপির সব কেন্দ্রেই সুষ্ঠু ভোট হয়েছে। কারচুপির অভিযোগ ভিত্তিহীন।