ফরিদগঞ্জে মেয়র ও সাংসদের সমর্থকদের সংঘর্ষে আহত ৩
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা সদরে গত বৃহস্পতিবার বিএনপির বহিষ্কৃত নেতা পৌরসভার মেয়র মনজিল হোসেন ও বিএনপির দলীয় সাংসদ হারুনুর রশিদের সমর্থকদের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় মেয়রের লোকজন যুবদলের এক নেতার মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার আগে মনজিল পৌর বিএনপির সভাপতি ছিলেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা সদরে চাঁদপুর সরকারি কলেজের ছাত্র বিএনপি-সমর্থক কামরুল মেয়র মনজিলের ভাই ছাত্রদলের কর্মী ইমান হোসেনের ওপর হামলা চালান। এ খবরে মেয়র মনজিল ও তাঁর ভাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের নেতৃত্বে একদল যুবক উপজেলা সদরে জড়ো হন। তাঁরা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালের সামনে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাছির উদ্দীনকে মারধর করেন এবং তাঁর মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। এর আগে যুবদলের সদস্য পিয়ার আহামঞ্চদকে মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নাছিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ইমান ও পিয়ারকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। মেয়র মনজিল বলেন, ‘বিনা উসকানিতে আমার ভাইয়ের ওপর হামলা চালানো হয়েছে।’ সাংসদ হারুনুর রশিদ বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশে মনজিলকে দল থেকে বহিষ্কার করা হয়। তিনি ও তাঁর ভাই ইসমাইল আমাদের দলের নেতা-কর্মীদের মারধর করে ফরিদগঞ্জকে অশান্ত করে তুলছেন।’ ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত ব্যানার্জি বলেন, ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।