ফরিদগঞ্জে হত্যা মামলায় এক যুবকের মৃত্যুদণ্ড
চাঁদপুরের জেলা ও দায়রা জজ আদালত গতকাল মঙ্গলবার একটি হত্যা মামলায় আরিফ মিজি নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন। এ সময় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ২০ আগস্ট রাতে ফরিদগঞ্জ উপজেলার আইটপাড়া গ্রামের রেজাউল করিমের ছেলে আরিফ মিজি একই গ্রামের বিল্লাল হোসেনের ছেলে শাহাদাত হোসেন ওরফে রাজুকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় রাজুর বাবা বিল্লাল হোসেন বাদী হয়ে ওই বছরের ২৪ আগস্ট ফরিদগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন।
গতকাল চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মামুনুর রশিদ মামলা করার চার বছর পর এ রায় দেন। মামলার বাদীপক্ষের আইনজীবী সাইয়েদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, মামলার সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দোষী প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দিয়েছেন। আদালতের রায়ে তিনি ও মামলার বাদী স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা দ্রুত এ রায় কার্যকর করার দাবি জানান।