ফরিদগঞ্জে ৪০ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সুবিধপুর বাশারা উচ্চবিদ্যালয়ে গতকাল রোববার সকালে হঠাৎ ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়ভাবে চিকিৎসার পর তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। এ ঘটনার পর গতকালের জন্য বিদ্যালয়ের ক্লাস বন্ধ ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব সাহা জানান, গত শনিবার সকালে সপ্তম শ্রেণির এক ছাত্রী শ্রেণিকক্ষে অচেতন হয়ে পড়ে। সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। গতকাল সকাল ১০টার দিকে ওই ছাত্রী শ্রেণিকক্ষে আবারও অচেতন হয়ে পড়ে। এরপর বিভিন্ন শ্রেণির প্রায় ৪০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তারা প্রথমে মাথা ঘোরার কথা জানায় ও সংজ্ঞা হারায়। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি দল বিদ্যালয়ে আসে।
হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হয়েছিল। সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে গেছে।
চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক রফিকুল হাসান বলেন, অসুস্থতার ধরন দেখে মনে হচ্ছে, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হয়েছে। এতে একজন কোনো রোগে আক্রান্ত হলে অন্যরা প্রভাবিত হয়। আক্রান্ত মানুষ খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হয়ে যায়।
ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন বলেন, ‘ওই ঘটনার পর বিদ্যালয়টি পরিদর্শন করেছি।’