ফরিদপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত

‘বাংলা ভাষায় কাঁদি হাসি, সকল ভাষা ভালোবাসি’ স্লোগানের মধ্য দিয়ে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের দশম আসর অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা স্কুলে জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় ফরিদপুর অঞ্চলের ভাষা প্রতিযোগ।
ফরিদপুরের জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান জাতীয় পতাকা উত্তোলন করেন। ভাষা প্রতিযোগের পতাকা উত্তোলন করেন ফরিদপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক দুর্গারানী সিকদার। এ সময় জাতীয় সংগীত পরিবেশন করেন ফরিদপুর প্রথম আলো বন্ধুসভার সদস্যরা।
এ ছাড়া পতাকা মঞ্চে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তারিক মঞ্জুর, মোহাম্মদ আজম, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক কুদরত-ই-হুদা, ফরিদপুর সরকারি সারদা সুন্দরী কলেজের সহযোগী অধ্যাপক তালুকদার আনিসুল ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক মো. ফজলুল করিম ও চৈতন্য চন্দ্র দাস।
সকাল ১০টা ১০ মিনিটে শুরু হয় ৪০ মিনিটের পরীক্ষা। পরীক্ষায় ফরিদপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, মাদারীপুর ও শরীয়তপুরের প্রায় ৫০টি স্কুলের এক হাজার প্রতিযোগী অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় আকর্ষণীয় প্রশ্ন-উত্তর পর্ব ও নানা সাংস্কৃতিক আয়োজন। এদিকে উত্তরপত্র মূল্যায়ন শেষে চারটি বিভাগে ১৫ জন করে ৬০ জনকে বিজয়ী ঘোষণা করা হবে। তারা ভাষা প্রতিযোগের জাতীয় পর্যায়ে অংশ নেবে।