ফরিদপুর-আলফাডাঙ্গা পথে বাস চলাচল বন্ধ তিন দিন
ফরিদপুর-আলফাডাঙ্গা রুটে গত তিন দিন ধরে সরাসরি লোকাল বাস চলাচল বন্ধ রয়েছে। এতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীসহ যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। আলফাডাঙ্গা বাজারে দুটি বাস ভাঙচুর ও চালক, সুপারভাইজার, হেলপারসহ তিনজনকে মারধর করার অভিযোগ তুলে এর প্রতিবাদে রোববার থেকে বাস বন্ধ রাখা হয়েছে।এলাকাবাসী জানায়, রোববার ছিল হাটের দিন। ওই দিন বিকেল পাঁচটার দিকে আলফাডাঙ্গা বাজার এলাকায় একটি বাস ঘোরানোর সময় ব্যবসায়ী ওয়াহিদ মিয়ার মসুরির বস্তা বাসের নিচে চাপা পড়ে। এতে ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকদের সহায়তায় লাঠিসোঁটা নিয়ে দুটি বাস ভাঙচুর করে এবং চালক আবদুর রাজ্জাক, সুপারভাইজার আবদুর রাজ্জাক মৃধা ও হেলপার হাফিজুর রহমানকে মারধর করে। এর প্রতিবাদে ওই দিন সন্ধ্যা থেকে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।আলফাডাঙ্গা বাসস্ট্যান্ডের কাউন্টার মাস্টার জাহাঙ্গীর আলম জানান, এ রুটে প্রতি দিন ৩৮টি লোকাল বাস চলাচল করে। তিন শতাধিক ছাত্রছাত্রীসহ প্রায় আড়াই হাজার যাত্রী এ বাসগুলোতে চলাচল করে। বর্তমানে ফরিদপুর থেকে ছেড়ে আসা বাসগুলো আলফাডাঙ্গায় না এসে পাঁচ কিলোমিটার দূরে পাশের বোয়ালমারী উপজেলার সস্রাইল বাজার পর্যন্ত আসছে। সেখান থেকে যাত্রীরা জন প্রতি ১০ টাকা দিয়ে রিকশাভ্যান বা অটোরিকশায় আলফাডাঙ্গা সদরে আসছেন। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম সাহা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বাসচালক টোকন সরকার বাদী হয়ে রোববার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেছেন। বাস চালানোর জন্য শ্রমিক নেতাদের অনুরোধ করা হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এস এম ফেরদৌস জানান, বিষয়টি আমার জানা নেই। আমি সমস্যা সমাধানের জন্য ব্যবসায়ী ও বাস মালিকদের সঙ্গে আলাপ করব।