ফরিদপুর-আলফাডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ
খানাখন্দের কারণে পূর্বঘোষণা ছাড়াই গত শনিবার থেকে ফরিদপুর-বোয়ালমারী-আলফাডাঙ্গা সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। সড়কটি সংস্কার না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাসমালিক ও শ্রমিকেরা।ফরিদপুর বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, ওই সড়কে ঢাকা-খুলনা মহাসড়কের মাঝকান্দি থেকে আলফাডাঙ্গা পর্যন্ত দূরত্ব ৩৪ কিলোমিটার। এর মধ্যে ২৬ কিলোমিটার সড়ক খানাখন্দে ভরা। জীবনের ঝুঁকি নিয়েই ওই পথে বাসে চলাচল করতে হয়। গত কয়েক দিনের প্রবল বর্ষণের ফলে সড়কটি একেবারেই চলাচলের অনুপযুক্ত হয়ে গেছে। এই সড়কে প্রতিদিন ১০০ বাস এবং প্রায় ২০ হাজার যাত্রী যাতায়াত করে। এর মধ্যে অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী।জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান সিদ্দিকী বলেন, সড়কটির অবস্থা এতই খারাপ হয়েছে যে ওই পথে চালক ও শ্রমিকেরা বাস চালাতে রাজি হচ্ছেন না। এ কারণে ওই সড়কে বাস চলাচল বন্ধ করে দিতে হয়েছে।জেলা মোটর ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির জানান, সড়কটি সংস্কার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় জানান, ৩০-৪০ বছর ধরে এ সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। সড়কটি খানাখন্দরে ভরে গেছে। ১০ কোটি টাকা ব্যয়ে সড়কটির ২৬ কিলোমিটার অংশ সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে। ঠিকাদারও ঠিক হয়ে গেছে। শিগগিরই কাজ শুরু করা হবে।