ফরিদপুর এটিআইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফরিদপুরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এফএটিআই) দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। গত রোববার রাতে শিক্ষাপ্রতিষ্ঠানটির একটি ছাত্রাবাসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে।সংঘর্ষ চলাকালে ওই ছাত্রাবাসের ১৬টি কক্ষ ভাঙচুর করা হয়। পরদিন সকালে পুলিশ ও র‌্যাব সেখানে অভিযান চালিয়ে হকিস্টিক ও ধারালো অস্ত্র উদ্ধার করে।চতুর্থ সেমিস্টারের ছাত্র আহসানউল্লাহ অভিযোগ করেন, রোববার রাত ১০টায় দ্বিতীয় সেমিস্টারের রুবেল ও চতুর্থ সেমিস্টারের খালিদকে চারতলায় নিয়ে ষষ্ঠ সেমিস্টারের ছাত্ররা মারধর করেন। এ ঘটনা জানাজানি হয়ে গেলে দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্ররা চতুর্থ তলায় গিয়ে ষষ্ঠ সেমিস্টারের ছাত্রদের কাছে এর কারণ জানতে চান। কথা-কাটাকাটির একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার পর পরিস্থিতি শান্ত হয়।ষষ্ঠ সেমিস্টারের শামীম পারভেজ অভিযোগ করেন, দ্বিতীয় ও চতুর্থ সেমিস্টারের ছাত্ররা একত্র হয়ে রাত সাড়ে ১০টায় চারতলার ১৪টি কক্ষে এবং তৃতীয় ও দ্বিতীয় তলায় দুটি কক্ষে হামলা চালিয়ে ভাঙচুর করেন।কলেজের অধ্যক্ষ আবদুল মান্নান বলেন, রোববার রাত সাড়ে ১০টা ও সাড়ে ১১টায় ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছাত্রাবাসের বেশ কয়েকটি কক্ষ ভাঙচুর ও কয়েকজন ছাত্র আহত হয়।আবদুল মান্নান আরও জানান, গতকাল সোমবার বিকেলে একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষী ছাত্রদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কলেজ কর্তৃপক্ষ এখনো কোনো অভিযোগ করেনি। আভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।