ফরিদপুর ও অভয়নগরে দুর্ঘটনায় দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে গতকাল শনিবার ট্রেনের ইঞ্জিনের নিচে কাটা পড়ে এক ব্যক্তি মারা গেছেন। এ ছাড়া যশোরের অভয়নগরে একই দিন ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন।
নিহত ব্যক্তিরা হলেন ফরিদপুরের উত্তর আলীপুর এলাকার আবদুল আলিম (৬৫) ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের সুলতানা বেগম (৩০)।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকায় গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আবদুল আলিম ওই সময় বাড়ির পাশের একটি রেলসেতু পার হচ্ছিলেন। এ সময় আকস্মিকভাবে ট্রেনের একটি ইঞ্জিন চলে আসায় তিনি এর নিচে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, নিহত আলিম ফায়ার সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন।
অপর ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর চিত্রা ট্রেনটি সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় পৌঁছায়। তখন রেলক্রসিং পার হওয়ায় সময় ট্রেনের ধাক্কায় সুলতানা গুরুতর আহত হন। আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সুলতানা নওয়াপাড়া গ্রামের আবদুল জলিলের স্ত্রী।