ফরিদপুর ও কুড়িগ্রামে পাঁচ ব্যবসায়ীকে জরিমানা
বাসি মাংস বিক্রির দায়ে ফরিদপুরের ভাঙ্গায় এক হোটেল ব্যবসায়ী এবং কুড়িগ্রামের রাজারহাটে খোলাবাজারের (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির দায়ে চারজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা গোপালকৃষ্ণ দাস জানান, উপজেলা অফিসার্স ক্লাবের একটি অনুষ্ঠানের জন্য গত রোববার রাত ১১টার দিকে ভাঙ্গা বাজারের পল্টু চৌধুরীর (৪৫) হোটেল থেকে মুরগির মাংস নেওয়া হয়। এই মাংস বাসি থাকায় কেউ কেউ খাওয়ার পর বমি করে ফেলে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বাবর আলী মীর জানান, গত সোমবার সকাল নয়টার দিকে ওই হোটেলে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।কুড়িগ্রামের রাজারহাটে ওএমএসের চাল কালোবাজারে বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত চার ব্যবসায়ীকে আটক ও ৩৫ বস্তা চাল উদ্ধার করেছেন। আটক ব্যবসায়ীরা হচ্ছেন আলকাছ উদ্দিন, ছহির উদ্দিন, নুর ইসলাম ও আবদুস ছাত্তার।আদালত আলকাছের দোকান থেকে ওই চাল আটক করেন। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজারহাট বাজারে এ ঘটনা ঘটে।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহেনুল ইসলাম আলকাছ উদ্দিনকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এ ছাড়া নুুর ইসলাম ও ছহির উদ্দিনকে দুই হাজার টাকা করে এবং আবদুস ছাত্তারকে ৫০০ টাকা জরিমানা করেন। তাঁরা জরিমানা দিয়ে মুক্তি পান।