ফরিদপুর ও গোপালগঞ্জে ঝড়, দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ওপর দিয়ে গত শনিবার রাতে ঝড় বয়ে গেছে। এতে ১১৫টি পরিবারের দুই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নিচে আছেন। একই রাতে গোপালগঞ্জ সদর উপজেলার কংশুর, করপাড়া ও বনগ্রামের ওপর দিয়ে ঝড় বয়ে যায়। এতে মাটির ঘরবাড়ি ও দোকানপাট ধসে পড়ে, উপড়ে পড়ে গাছপালা ও বিদ্যুতের খুঁটি। শনিবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের কোনাগ্রাম ও সদরবেড়া গ্রামে ঝড়টি আঘাত হানে। এলাকাবাসীর দাবি, এটি টর্নেডো। এর স্থায়িত্বকাল ছিল ১০ সেকেন্ড। প্রত্যক্ষদর্শী মো. সেলিম বলেন, ‘হঠাৎ মনে হইল হাতুড়ি দিয়া কেউ ঘরে সজোরে আঘাত করল। ওপরের দিকে তাকাইয়া দেখি ঘরের চালা নাই। আমি চার মাস বয়সী শিশুকে নিয়া মাটিতে পইড়া যাই।’ শাহজাহান মোল্লা বলেন, ‘মনে হইল আগুনের হল্কার মতো গরম বাতাস আমাগো ঘরবাড়ি, গাছপালা সব উড়াইয়া নিয়া গেল।’এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, তালমা এলাকার ছোট পুলের কাছ থেকে শুরু করে কোনাগ্রামের মমিন মাতুব্বরের বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে ঝড়ের ছোবলের চিহ্ন স্পষ্ট। ক্ষতিগ্রস্ত গ্রাম দুটির প্রায় অর্ধশত নারী-পুরুষ ও শিশু আহত হয়েছে। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় নিহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।গতকাল রোববার দুপুরে সরেজমিনে দেখা গেছে, ঘরবাড়ি হারানো লোকজন খোলা আকাশের নিচে বসে আছে। মাঝেমধ্যেই নামছে বৃষ্টি। তাতে নারী-পুরুষ ও শিশুরা ভিজে যাচ্ছে। গতকাল বেলা দুইটা পর্যন্ত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরে কোনো রান্না হয়নি। ঝড়ে এলাকার তাল, মেহগনিসহ অসংখ্য গাছ উপড়ে গেছে। উপড়ে গেছে নলকূপ। এলাকায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অরুন চন্দ্র মহোত্তম ও নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবদুল কাদেরসহ জনপ্রতিনিধিরা গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ বলেন, ক্ষতিগ্রস্ত ১১৫টি পরিবারের মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ২০ কেজি চাল ও এক হাজার করে টাকা দেওয়া হয়েছে।ফরিদপুর আবহাওয়া কার্যালয়ের উচ্চ পর্যবেক্ষক এস এম সুরজুল আমিন বলেন, ‘টর্নেডো সাধারণত অল্প জায়গায় হয়। এ ব্যাপারে আবহাওয়া অফিস কোনো তথ্য দিতে পারে না। তবে আমরা শুনেছি ওই জায়গায় টর্নেডো হয়েছে।’ গোপালগঞ্জ: শনিবার গভীর রাতে গোপালগঞ্জ সদর উপজেলার গ্রাম তিনটির ওপর দিয়ে ঝড় বয়ে যায়। রাত দেড়টার দিকে প্রচণ্ড বেগে দমকা বাতাস ও বৃষ্টি শুরু হয়। ঝড়টি প্রায় আধা ঘণ্টা স্থায়ী হয়। এতে বনগ্রাম বাজারের আবু সামার দোকানসহ আটটি দোকান ও বেশ কিছু মাটির ঘর বিধ্বস্ত হয়। এ সময় বিদ্যুতের দুটি খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। পল্লী বিদ্যুতের সাতপাড় কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজাহারুল ইসলাম বলেন, ঝড়ে দুটি খুঁটি উপড়ে পড়েছে। ঝড়ের কারণে আটটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করতে হয়েছে।