ফরিদপুর ও গোয়ালন্দে ভাঙন বসতঘর-জমি নদীগর্ভে
ফরিদপুরের সদরপুর উপজেলার পাঁচটি ইউনিয়নে আড়িয়াল খাঁ নদ ও পদ্মা নদীর ভাঙন বেড়ে গেছে। গত এক সপ্তাহে এ দুই ইউনিয়নের ৭৪২টি পরিবারের বসতঘর ও ৫৬৭ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫০টি পরিবার গত এক সপ্তাহের ভাঙনে বসতঘর হারিয়েছে।ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ইনসারউদ্দীন হাওলাদার জানান, পানি কমার সঙ্গে সঙ্গে ইউনিয়নের মতিনখাঁরডাঙ্গি গ্রামে অবস্থিত চন্দ্রপাড়া দরগা শরিফ ও চরবালাশিয়া খেয়াঘাট আড়িয়াল খাঁ নদের ভাঙনের হুমকিতে রয়েছে। নদী এখন দরগা শরিফ থেকে মাত্র ২০০ মিটার দূরে অবস্থান করছে। গত শুকনো মৌসুমে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) চন্দ্রপাড়া দরগা শরিফ রক্ষার জন্য ভাঙনকবলিত এলাকার ৫০০ মিটার অংশে বালুভর্তি ৭৬ হাজার জিও ব্যাগ ফেলেছিল। কিন্তু ভাঙনের ফলে ওই কাজের ৩০০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে চন্দ্রপাড়া দরগা শরিফ আবার হুমকির মুখে পড়েছে।ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সর্দার সিরাজুল হক বলেন, ভাঙন রোধে ৪২ কোটি টাকার একটি প্রকল্প পরিকল্পনা কমিশনে জমা দেওয়া আছে।চরমানাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আইউব আলী জানান, গত এক সপ্তাহে ইউনিয়নের ফেলু মাতুব্বরের কান্দি ও কাজীকান্দি এলাকার প্রায় ৫০ একর জমি আড়িয়াল খাঁ নদের গর্ভে বিলীন হয়ে গেছে।রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে গত এক মাসে পদ্মার ভাঙনে প্রায় ২০০ পরিবারের ঘরবাড়ি বিলীন হয়েছে। এর মধ্যে দৌলতদিয়া ইউনিয়নে পানি কমার সঙ্গে সঙ্গে এক সপ্তাহে প্রায় ৫০টি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। তজু মেম্বারপাড়া গ্রামের সূর্য মাতুব্বরের (৬০) বসতভিটা ও গরু রাখার স্থান নদী থেকে মাত্র চার-পাঁচ হাত দূরে। তিনি জানান, ঈদের পর থেকে এ পর্যন্ত এলাকার গোলাপ শেখ, তোরাপ শেখ, আলম চৌধুরী, মোনছের মুসল্লি, কেছমত মুসল্লি, নিলু চৌধুরী, সিদ্দিক শেখ, আজিজ শেখসহ অনেকের ঘরবাড়ি ও জমি নদীগর্ভে বিলীন হয়েছে।এলাকা ঘুরে দেখা গেছে, এলাকার লোকজন ট্রলারে করে ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। এলাকার আবুল খাঁ জানান, ‘রাত্রির বেলায় ঘুমাইলে মনে হয়, এই বুঝি গাঙ্গের মধ্যি চলে গেলাম। তাই অনেক সময় মধ্যি রাতে উইঠা গাঙ্গের কিনারে বইসা থাহি।’গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দীন বলেন, ভাঙনকবলিত ব্যক্তিদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে।