ফরিদপুর ও গোয়ালন্দে শতাধিক গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৮৮টি গ্রামের ৬৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে অনেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। ছবিটি গতকাল সকালে দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়া থেকে তোলা l প্রথম আলো
পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নের প্রায় ৮৮টি গ্রামের ৬৩ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বাড়িঘর ছেড়ে অনেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটছে। ছবিটি গতকাল সকালে দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়া থেকে তোলা l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় ৪৩ সেন্টিমিটার বেড়েছে। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় ওই পয়েন্টে পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
পানি বাড়ার কারণে গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়নের প্রায় ৮৮টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৬৩ হাজার মানুষ। এ ছাড়া ফরিদপুর সদরের ৩টি ইউনিয়নের ২৩টি গ্রামের ১৬ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সুলতান মাহমুদ বলেন, পানি বৃদ্ধির এ প্রবণতা আগামী চার-পাঁচ দিন স্থায়ী হবে।
গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্র জানায়, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬০টি, উজানচর ইউনিয়নের ১৫টি, দেবগ্রামের ৮টি ও ছোটভাকলা ইউনিয়নের ৫টি গ্রাম বন্যাকবলিত হয়ে পড়েছে। এসব গ্রামের প্রায় ১৬ হাজার ৯০০ পরিবারের ৬৩ হাজার ৬০০ মানুষ পানিবন্দী অবস্থায় দিন পার করছে। সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ছাড়া উপজেলার প্রায় ৬৫ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ইতিমধ্যে বন্যাকবলিত বাসিন্দাদের মধ্যে ৫৮ দশমিক ৮ টন চাল বিতরণ করা হয়েছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম মণ্ডল বলেন, তাঁর ইউনিয়নের ৬৫টি গ্রামের মধ্যে ৬০টি গ্রামের প্রায় ৩২ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
পিআইও মো. আবু সাঈদ মণ্ডল বলেন, বন্যাকবলিত মানুষের জন্য ১০ লাখ টাকা, ১৭০ টন চাল ও ১৬ হাজার শুকনা খাবারের প্যাকেট চেয়ে গতকাল মন্ত্রণালয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে।
এদিকে ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউপি চেয়ারম্যান মোস্তাকুজ্জামান বলেন, তাঁর ইউনিয়নের একটি ওয়ার্ডের এক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া তলিয়ে গেছে দুটি সড়ক। প্লাবিত হয়েছে চর টেপুরাকান্দি, চর টেপুরা ও চর টেপুরা নতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ।
চর মাধবদিয়া ইউপির চেয়ারম্যান তুহিন মণ্ডল বলেন, তাঁর ইউনিয়নের দুটি ওয়ার্ডের তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের ১৫টি সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে।
এ ছাড়া আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গদাধরডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ নিমজ্জিত হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান বলেন, ‘ফরিদপুর সদরের তিনটি ইউনিয়নে চার হাজার পরিবার পানিবন্দী এবং কয়েকটি সড়ক ও প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি প্রবেশ করার খবর পেয়েছি। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করতে ইউপি চেয়ারম্যানদের নির্দেশ দেওয়া হয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে বলেন, ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুর উপজেলায় ১০টি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। তবে বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করার মতো পরিস্থিতি হয়নি। চরভদ্রাসনে ভাঙনের কবলে পড়া দুটি বিদ্যালয় বিলীন হওয়ার আগেই সেখানকার আসবাব বিক্রি করে দেওয়া হবে।