ফরিদপুর ও তালায় দুটি লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা উপজেলার রাজেন্দ্রপুর এলাকার একটি ধানখেত থেকে পুলিশ গতকাল রোববার এক মোটরসাইকেলচালকের লাশ উদ্ধার করেছে। একই দিন ফরিদপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়।
তালা উপজেলার পাটকেলঘাটা থানার রাজেন্দ্রপুরের একটি ধানখেত থেকে গতকাল সকালে হাত-পা বাঁধা অবস্থায় লালচন্দ্রপুর গ্রামের মাহবুবুর রহমানের ছেলে ফারুক হোসেন (২৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তির মামা মতিয়ার রহমান জানান, ফারুক হোসেন তাঁর বাড়িতে থাকতেন ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। গত শনিবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, নিহত ফারুকের ঘাড় ও মাথায় একাধিক কোপের চিহ্ন আছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যার কারণ জানা যায়নি।
ফরিদপুর শহরের আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে গতকাল পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে। ওই ব্যক্তির নাম টিপু সুলতান। তিনি ঢাকার খিলগাঁও এলাকার মো. শামসুদ্দিনের ছেলে।
পুলিশ গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে ফরিদপুর শহরের নিলটুলী মহল্লার মেঘনা আবাসিক হোটেল থেকে ঢাকার খিলগাঁও এলাকার ব্যবসায়ী টিপু সুলতানের লাশ উদ্ধার করে।
হোটেল নিবন্ধন অনুযায়ী, টিপু সুলতান (৫৫) একজন ব্যবসায়ী। ব্যবসায়িক কাজে গত ২৮ অক্টোবর সকাল সাড়ে নয়টায় তিনি হোটেলের পাঁচতলায় অবস্থিত ৫০৭ নম্বর কক্ষটি ভাড়া নেন।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক জানান, গতকাল বিকেলে হোটেলের কক্ষের দরজা ভেঙে দেখা যায়, ওই ব্যক্তির লাশ খাটের এক পাশে পড়ে আছেন। এই ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।