দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গতকাল বুধবার ফরিদপুর সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমিতাভ বোসকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এদিকে ফেনীর পরশুরাম উপজেলার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সফি উল্লাহ এবং ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি ও কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলামকেও একই অভিযোগে বহিষ্কার করা হয়।ফরিদপুর সদর আওয়ামী লীগের সভাপতি খলিফা কামালউদ্দীন প্রথম আলোকে জানান, পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে বাদ দিয়ে স্বতন্ত্র প্রার্থী ফজলুল কবিরের পক্ষে কাজ করে অমিতাভ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। এ কারণে তাঁকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তবে অমিতাভ বোস শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ভিত্তিহীন দাবি করে বলেন, যথাযথ নিয়ম অনুসরণ না করে তাঁকে বহিষ্কার করা হয়েছে।পরশুরাম পৌর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক আবুল কাশেম স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, সফি উল্লাহ এবং আমিনুল ইসলাম দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অন্য দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার চালান। এ কারণে তাঁদের বহিষ্কার করা হয়েছে। সফি উল্লাহ ও আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের পাওয়া যায়নি।