ফরিদপুর ও বগুড়ায় হত্যার দায়ে ১০ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে এক যুবক ও বগুড়ায় ছাত্রলীগের এক নেতাকে হত্যার দায়ে গতকাল বুধবার ১০ ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার নওগাঁয় মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর; ফরিদপুর: ফরিদপুরে চাঞ্চল্যকর মো. কামাল হোসেন হত্যা মামলার রায় গতকাল বুধবার দেওয়া হয়েছে। তাঁকে হত্যার দায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হচ্ছেন দৈনিক ইনকিলাব-এর ফরিদপুরের সাবেক প্রতিনিধি ও শহরের গুহলক্ষ্মীপুর এলাকার আনোয়ার জাহিদ, কালাচাঁদ ওরফে আবুল কালাম, শেখ আবদুল মজিদ ওরফে মাজেদ, জাহাঙ্গীর ওরফে বৃটিশ ও শহীদ। এ মামলার আসামি মো. বজলুকে সাত বছর ও রাবেয়া বেগমকে তিন বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল দুপুর সাড়ে ১২টায় ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক আবুল কাসেম মো. মোস্তফা এ রায় দেন। অপর দুই আসামি মো. নজরুল ইসলাম ও মো. জিহাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।মামলার নথি সূত্রে জানা গেছে, ফরিদপুর সদরের কেশবনগর ডাবল ব্রিজ এলাকায় ২০০৭ সালের ২ জানুয়ারি কামালের গলিত লাশ ফেলে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী গুহলক্ষ্মীপুর এলাকার বজলুকে (২৭) আটক করে পুলিশে সোপর্দ করে। ওই দিনই নিহতের চাচা মো. ইলিয়াস হোসেন ফরিদপুর কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন। বগুড়া: বগুড়ায় ছাত্রলীগের নেতা রবিউল ইসলাম হত্যা মামলার রায়ে পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও দুই বছর করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩-এর বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের ফুলবাড়ি কারিগরপাড়ার সুমন ও উত্তরপাড়ার জিতু, মধ্যপাড়ার আদম, পাইকপাড়ার আনারুল ও দক্ষিণপাড়ার গিট্টু মামুন। মামলা সূত্রে জানা গেছে, ২০০৬ সালের ২৮ সেপ্টেম্বর ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। এর পর দিন তিনি বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি হওয়ার পর মারা যান। নওগাঁয় মেয়েকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবনআমাদের নওগা প্রতিনিধি জানান, মেয়েকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। নওগাঁর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহাম্মেদ মঙ্গলবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত বাবার নাম শাহিনুল পানাতা। তাঁর বাড়ি মান্দা উপজেলার বড়পই গ্রামে।