ফরিদপুর ও বাগেরহাটে নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সেনাবাহিনীর বহরের একটি গাড়ির চাপায় মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। গতকাল সোমবার ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার কাইচাইল ইউনিয়নের জিয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একই দিন বিকেলে বাগেরহাট-খুলনা সড়কে বাগেরহাটের ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে বাসের চাপায় এক কিশোর নিহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বেলা ১১টার দিকে নগরকান্দার জিয়াকুলি এলাকায় সেনাবাহিনীর বহরের একটি গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন মোটরসাইকেলের আরোহী ব্যবসায়ী ননী গোপাল মণ্ডল (৪০) ও হারুন মাতুব্বর। ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। সেনাবাহিনীর ওই বহরটি নির্বাচনী কাজ শেষ করে যশোর যাচ্ছিল। নিহত ওই দুই ব্যক্তির বাড়ি ভাঙ্গার আলগী ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।
একই দিন বিকেল পাঁচটায় বাগেরহাট-খুলনা সড়কের ফকিরকাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে একটি বাস রুবেল শেখ (১৬) নামের এক পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়। রুবেল উপজেলার পিলজংগ গ্রামের সাত্তার শেখের ছেলে।