ইভ টিজিংয়ের ঘটনায় ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার দুই গ্রামের লোকজনের মধ্যে গত বৃহস্পতিবার সংঘর্ষে চারজন আহত হয়েছে। একই সঙ্গে এ দুই গ্রামের লোকজন পরস্পরের বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এক শিশুকে উত্ত্যক্ত করার অভিযোগ তুলে ভোলার দৌলতখানে এক পক্ষের লোকজন আরেক পক্ষের বাড়িতে হামলা চালিয়ে অগ্নিসংযোগ, ঘর ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ফরিদপুরের বোয়ালমারীর ছত্তরকান্দা গ্রামের এক কিশোরীকে (১৮) আলফাডাঙ্গা উপজেলার ফলিয়া গ্রামের সানাউল্লাহর বখাটে ছেলে রমজান (২৩) দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন। এ ঘটনায় বুধবার দিবাগত রাতে ফালিয়া গ্রামের লোকজন ছত্তরকান্দা গ্রামে হামলা চালিয়ে সিদ্দিক মোল্লা, আতিয়ার রহমান, রেজাউল, সাঈদ, মজিবর সারেং ও আকমলের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ নিয়ে বৃহস্পতিবার সকালে দুই গ্রামের লোকজন সস্রাইল বাজারে বৈঠকে বসে। বৈঠক চলাকালে কথাকাটাকাটির একপর্যায়ে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ফলিয়া গ্রামের লোকজনের হামলায় ছত্তরকান্দা গ্রামের সুফিয়া বেগম, নিজাম, জসীম ও যমুনা আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম সাহা বলেন, এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ মামলা করেনি।দৌলতখান উপজেলার কলাকোপা হাওলাদার হাট এলাকার গোলদারবাড়ির তুর্জন আলী গোলদারের ছেলে মো. বশির (২৪) হাওলাদার বাড়ির এক গৃহপরিচারিকাকে রোববার রাতে উত্ত্যক্ত করেন। এ নিয়ে বুধবার হাওলাদার বাড়ির ছেলে ইমনের সঙ্গে বশিরের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বশির হাওলাদার বাড়ির ইমনকে মারধর করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার হাওলাদারবাড়ির ৫০-৬০ জন গোলদারবাড়ির অজুদ গোলদার, তুর্জন আলীসহ চারজনের ঘর লুট করে এবং তাঁদের খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তুর্জন আলী হাওলাদার বাড়ির ছেলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন ও চর খলিফা ইউনিয়ন জামায়াতের আমির আনোয়ার হোসেনসহ ৩১ জনকে আসামি করে দৌলতখান থানায় মামলা করেন। এ ঘটনায় পুলিশ আনোয়ার হোসেনসহ নয়জনকে গ্রেপ্তার করেছে। হাওলাদারবাড়ির প্রধান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম মোর্শেদ বলেন, ‘আমরা গোলদারবাড়ির লোকজনদের ক্ষতিপূরণের ব্যবস্থা করব।’