ফরিদপুর ও মেহেরপুরে দুজন খুন
ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশিতে অবস্থিত বিশ্ব জাকের মঞ্জিলের খড়িশালায় গতকাল শুক্রবার সুমন শেখ (১৯) নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সুমন ভাঙ্গার নূরুল্লাগঞ্জ ইউনিয়নের আকনবাড়িয়া গ্রামের শেখ ইব্রাহিমের ছেলে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ খড়িশালায় কর্মরত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মেহেরপুরের গাংনী উপজেলায় ব্যবসায়ী আবু বক্করকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলার কোদালকাঠি গ্রামের বাসিন্দা ছিলেন।
সদরপুর থানা ও পরিবার সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সুমন শেখ ও তাঁর দুই বন্ধু ভাঙ্গার কাউলীবেড়ার রাজু (১৮) ও মাজাইল গ্রামের সোহাগ (১৮) বিশ্ব জাকের মঞ্জিলে যান। এ সময় স্থানীয় লোকজন তাঁদের চোর আখ্যায়িত করে পিটুনি দেয়। পরে গতকাল সকালে আহত তিনজনকেই বিশ্ব জাকের মঞ্জিল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সুমন মারা যান। তিনি ভাঙ্গার স্থানীয় ডাক্তারবাজারে সুমন সাউন্ড সিস্টেম নামের একটি দোকানের মালিক ছিলেন।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ আলী বিশ্বাস বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহত ব্যক্তির বাবা শেখ ইব্রাহিম থানায় একটি হত্যা মামলা করেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিশ্ব জাকের মঞ্জিল খড়িশালায় কর্মরত ছয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ব্যবসায়ী আবু বক্কর নিজের খেতের কাঁচা মরিচ বিক্রির জন্য বাইসাইকেলে করে কুষ্টিয়ার খলিসাকুণ্ড বাজারে যান। রাতে বাড়ি ফেরার পথে রাজাপুর মাঠে দুর্বৃত্তরা তাঁর টাকাপয়সা লুট করে নেয়। এ সময় দুর্বৃত্তদের সঙ্গে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাঁকে খুন করে টাকা নিয়ে চলে যায়।
গাংনী থানার ওসি মাসুদুল আলম জানান, গতকাল সকালে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী আর্জিনা খাতুন বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।