ফরিদপুর ও রাজবাড়ীতে ৪৬টি ঘর পুড়ে ছাই
ফরিদপুরের সদরপুর উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের মধ্য জরিপেরডাঙ্গি গ্রাম এবং রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাতুরিয়া গ্রাম ও বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের ভেল্লাবাড়িয়া গ্রামে অগ্নিকাণ্ডে ৪৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার দিবাগত রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডে চর বিষ্ণুপুর ইউনিয়নের মধ্য জরিপেরডাঙ্গি গ্রামে পাঁচটি পরিবারের ১০টি ঘর পুড়ে গেছে।স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শামসুল হক খান জানান, ওই গ্রামের নূর মোহাম্মদ মুন্সীর গোয়ালঘরে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি গরু, পাঁচটি ছাগল ও ২৫টি হাঁস-মুরগি পুড়ে মারা গেছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।রোববার বিকেলে রাজবাড়ীর কালুখালী উপজেলার পাতুরিয়া গ্রামে আগুনে নয় ব্যক্তির ১৮টি ঘর পুড়ে গেছে। অনাথ মণ্ডলের রান্নার ঘর থেকে আগুনের সূত্রপাত। ১০টি টিনের বসতঘর, পাঁচটি রান্নাঘর এবং তিনটি গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এদিকে বালিয়াকান্দির ভেল্লাবাড়িয়া গ্রামে রোববার দিবাগত রাত দুইটার দিকে আগুনে ১৮টি ঘর পুড়ে গেছে। গ্রামের আসমত আলীর গমের গাদা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে আনুমানিক ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।