ফরিদপুর ও লোহাগড়ায় নয় বাড়িতেডাকাতি
ফরিদপুর সদর উপজেলায় এক রাতে আটটি হিন্দু পরিবারের বাড়িতে ডাকাতি হয়েছে। উপজেলার কানাইপুর ইউনিয়নের সাইবাড়িয়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় দুই বৃদ্ধা আহত হন। একজনের অবস্থা আশঙ্কাজনক। ডাকাতেরা এসব বাড়ি থেকে স্বর্ণালংকারসহ ২২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
নড়াইলের লোহাগড়ায় গত বুধবার গভীর রাতে এক বাড়িতে ডাকাতি হয়েছে। একই রাতে গোপালগঞ্জের সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ফরিদপুর: বুধবার রাত নয়টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সাইবাড়িয়া গ্রামের মজুমদারপাড়ার স্বর্ণ ব্যবসায়ী ঝন্টু, তাঁর তিন ভাই নান্টু, মন্টু ও রেন্টু, চাচা নিদেন, চাচাতো ভাই গৌতম ও উত্তম এবং ফুফাতো ভাই ফরিদপুর কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক বিপ্লব মজুমদারের বাড়িতে ডাকাতি হয়েছে। ২৫ থেকে ৩০ জন মুখোশধারী ডাকাত একে একে প্রতিটি ঘরে ঢুকে নারী ও পুরুষদের অস্ত্র দেখিয়ে বাড়ির উঠানে এনে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে তারা আলমারি ভেঙে ৪২ ভরি স্বর্ণালংকার, মূল্যবান কাপড় ও নগদ লক্ষাধিক টাকা লুট করেন। তারা ওই বাড়ি থেকে মুঠোফোনের আটটি সেটও লুট করে নিয়ে যায়। এ সময় চিৎকার শুরু করলে ডাকাতেরা নিদেন মজুমদারের মা রাজুবালা মজুমদারকে (৮০) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং স্ত্রী আমলা মজুমদারকে (৭০) পিটিয়ে আহত করে। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কানাইপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন বলেন, ‘অরাজকতা সৃষ্টির জন্য একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটাতে পারে। শুধু হিন্দুদের বাড়িতে এ ডাকাতির ঘটনা পরিকল্পিত সন্ত্রাস বলেই মনে হয়।’ ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসীনুল হক বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় মামলা করার প্রস্তুতি চলছে।’
লোহাগড়া (নড়াইল): উপজেলা শহরের কলেজপাড়ার শাহ ফয়েজ আলমের বাড়িতে বুধবার রাতে ডাকাতি হয়েছে। ফয়েজ আলম দাবি করেন, রাত সাড়ে ১২টার দিকে দরজা ভেঙে আটজন ডাকাত ঘরে ঢোকে। তাদের প্রত্যেকের হাতে চাপাতি ও ধারালো ছোরা ছিল। তারা তাঁর বাড়ি থেকে কমপক্ষে ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লাখ টাকা করে নিয়ে গেছে। এর আগে ৪ জুলাই একই এলাকার সাইফুল ইসলামের বাড়িতে ডাকাতি হয়। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, আগের ডাকাতির ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে।
গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর থানার পুলিশ সদর উপজেলার হরিদাসপুর এলাকা থেকে বুধবার গভীর রাতে দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে। তারা হলেন কাশিয়ানী উপজেলা জয়নগর গ্রামের হাফিজুর রহমান (৪৫) ও কাকদী গ্রামের টিটু মৃধা (৩২)। সদর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, কাশিয়ানী থানায় তাঁদের নামে কয়েকটি ডাকাতির মামলা রয়েছে।