ফরিদপুর ও সাতক্ষীরায় তিনজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাফুরপুর গ্রাম থেকে সুনীল দাস (৬৫) এবং খাটরা গ্রাম থেকে শুকুর মৃধা (৪৫) নামের থেকে দুই ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার পরিত্যক্ত বাগান থেকে আবদুল মাজেদ গাজী নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গার কাউলিবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের রশিদ মাতব্বরের বাড়ির পাশের একটি গাছের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় শুকুর মৃধার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে। শুকুর মৃধা রশিদ মাতুব্বরের জামাতা। তিনি প্রায় ১৫ বছর ধরে শ্বশুড়বাড়িতেই থাকতেন।
এর আগে গত শনিবার রাত আটটার দিকে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের কাফুরপুর গ্রামের আশা রানী দাসের বাড়ির ঘরের আড়ার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় সুনীল দাসের লাশ উদ্ধার করা হয়। সুনীল দাসের বাড়ি ওই ইউনিয়নের উচাবাড়ি গ্রামে। দুই দিন আগে তিনি বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন।
ভাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন বলেন, লাশ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা করা হয়েছে।
এদিকে সাতক্ষীরা শহরের কামালনগর এলাকার পরিত্যক্ত একটি বাগান থেকে শনিবার বিকেলে মাজেদ গাজীর লাশ উদ্ধার করে পুলিশ। পারিবার সূত্র জানায়, মাজেদ গাজী একজন শ্রমিক। শনিবার বিকেল সাড়ে চারটার দিকে তারা খবর পায়, শহরের কামালনগর এলাকার ইউনুছ সরদারের পরিত্যক্ত বাগানে মাজেদের লাশ পড়ে আছে। এ সময় ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাজেদ গাছের সঙ্গে ঠেস দিয়ে বসা। আর তাঁর গলায় রশি দিয়ে গাছের ডালে সঙ্গে বেঁধে রাখা হয়েছে। পরে পুলিশ রশি খুলে লাশ উদ্ধার করে।
সাতক্ষীরা সদর থানার উপপরিদর্শক (এসআই) আবুল হায়াৎ বলেন, নিহত ব্যক্তির গলায় কোনো দাগ ছিল না। ধারণা করা হচ্ছে, হত্যার পর গাছের সঙ্গে তাঁর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।