ফরিদপুর করোনা হাসপাতালে ৯ জনের মৃত্যু, শনাক্ত ২১৩
গত ২৪ ঘণ্টায় ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে তিনজন এবং করোনার উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে জেলায় নতুন করে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ৯ জনের মধ্যে ৬ জনই ফরিদপুর জেলার বাসিন্দা। তাঁরা হলেন বোয়ালমারীর দেলোয়ার হোসেন (৭২), নগরকান্দার শিরিন বেগম (৩৫), মধুখালীর শুকুরুন্নেসা (৭০), সদরপুরের আয়শা বেগম (৬৫), সদর উপজেলার নাসরিন বেগম (৪২) ও জাহাঙ্গীর খান (৬২)।
এ ছাড়া বাকিদের মধ্যে রয়েছেন মাদারীপুরের রাজৈরের সুফিয়া বেগম (৬০), কুষ্টিয়ার খোকসার জাহানারা বেগম (৬০) ও রাজবাড়ীর লক্ষ্মীনারায়ণপুর গ্রামের লতিফ মোল্লা (৭০)। এ নিয়ে ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ২২০ জনের মৃত্যু হলো।
এদিকে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার পর্যন্ত জেলায় ৪৭০ জনের নমুনা পরীক্ষা করে ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৪৫ দশমিক ৩১ শতাংশ। নতুন শনাক্ত হওয়া ২১৩ জনের মধ্যে শুধু ফরিদপুর সদরেই রয়েছেন ১৬৮ জন। এ ছাড়া আলফাডাঙ্গায় ১৩, ভাঙ্গায় ৯, বোয়ালমারীতে ৭, নগরকান্দায় ৬, মধুখালী ও সদরপুরে ৩ জন করে এবং চরভদ্রাসন ও সালথায় ২ জন করে রয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১২ হাজার ৮৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
ফরিদপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, বর্তমানে হাসপাতালে ১৬৬ রোগী চিকিৎসাধীন। তাঁদের মধ্যে করোনা রোগী আছেন ১২৯ জন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ১৪ জন। বাকি ব্যক্তিরা করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
জেলা সিভিল সার্জন সিদ্দিকুর রহমান বলেন, জেলায় সংক্রমণের হার প্রতিদিনই ওঠানামা করছে। বিষয়টি বেশ উদ্বেগজনক। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে হলে সবাইকে আরও সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।