ফরিদপুর কারাগারে ফাঁসি কার্যকর
ফরিদপুর কারাগারে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা এক মিনিটে মিরাজুল শেখ নামের এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। কারাগারের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। স্ত্রীকে পুড়িয়ে মারার দায়ে তাঁর এ সাজা কার্যকর করা হয়। স্বাধীনতার পর এই প্রথম ফরিদপুর কারাগারে কোনো মৃত্যুদণ্ড কার্যকর হলো।জেলা প্রশাসক (ডিসি) হেলালুদ্দীন আহমদ প্রথম আলোকে জানান, মিরাজুল বিয়ের মাত্র ২১ দিনের মাথায় ২০০২ সালের ২৩ অক্টোবর তাঁর স্ত্রী শেফালী বেগমকে পুড়িয়ে হত্যা করেন। এ ঘটনায় ২৫ অক্টোবর শেফালীর বাবা মাছিম শেখ বাদী হয়ে কোতোয়ালি থানায় মিরাজুলের বিরুদ্ধে হত্যা মামলা করেন।জেলা নারী ও শিশু নির্যাতন দমন আদালত গত ২০০৪ সালের ৬ জুলাই মিরাজুলকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার রায় দেন। ২০০৭ সালে হাইকোর্ট ও ২০০৯ সালে সুপ্রিম কোর্ট মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখেন। এরপর মিরাজুল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপতি গত ২৭ জুলাই ওই আবেদন নাকচ করে দেন।ফাঁসি কার্যকরের সময় ডিসি ছাড়াও পুলিশ সুপার মো. আওলাদ আলী ফকির, সিভিল সার্জন সিরাজুল হক তালুকদার, জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. আব্দুর রাজ্জাকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।