ফরিদপুর কারাগারে হবে বঙ্গবন্ধুর ম্যুরাল
ফরিদপুর জেলা কারাগারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল তৈরি করা হবে। বঙ্গবন্ধু কারাগারের যে ভবনে থাকতেন, সেখানে ম্যুরালটি বানানো হবে।
জেলা প্রশাসকের মিলনায়তনে গতকাল সোমবার জেলা উন্নয়ন সমন্বয় সভায় এ কথা জানানো হয়। জেলা গণপূর্ত বিভাগ এ কাজটি করবে।
ভাষা আন্দোলন, স্বৈরাচারী আইয়ুববিরোধীসহ নানা আন্দোলনে বারবার কারারুদ্ধ হয়েছিলেন বঙ্গবন্ধু। বিভিন্ন সময়ে তাঁকে ফরিদপুর কারাগারে রাখা হয়েছিল। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু ঢাকা কেন্দ্রীয় কারাগারে অনশন শুরু করেন। তখন তাঁকে ফরিদপুর জেলা কারাগারে স্থানান্তর করা হয়।
গণপূর্ত বিভাগের ফরিদপুর দপ্তর সূত্রে জানা গেছে, জেলা কারাগারের যে ভবনে বঙ্গবন্ধু থাকতেন সেটা ভেঙে ফেলা হয়েছে। সেখানে ৫০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থের জায়গা চিহ্নিত করা হয়েছে। জায়গাটিতে ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার গ্রানাইট পাথরের একটি বেদি স্থাপিত হবে। সেটা ঘিরে থাকবে দেয়াল। দেয়ালের গায়ে টেরাকোটার কাজ করা হবে। এর ভেতরে একটি জলাধারের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর ম্যুরাল। এ নকশাটি গণপূর্ত বিভাগের স্থপতি-প্রকৌশলীরা করেছেন।