বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসে গতকাল শুক্রবার ফরিদপুর ও খাগড়াছড়িতে আওয়ামী লীগের স্থানীয় দুপক্ষ আলাদা কর্মসূচি পালন করেছে।
ফরিদপুরে সকাল পৌনে ৮টার দিকে জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহার নেতৃত্বাধীন অংশ দলীয় কার্যালয়ে কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান।
পরে নেতৃবৃন্দ সেখান থেকে মিছিল নিয়ে অম্বিকা ময়দানে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে গিয়ে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন। এ সময় সুবল চন্দ্র সাহা ছাড়াও জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, সদর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম, শহর আওয়ামী লীগের সভাপতি খন্দকার নাজমুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সাহেব সরোয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলা আওয়ামী লীগেরসাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেনের নেতৃত্বাধীন অংশ সকাল ৯টার দিকে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
এ সময় সৈয়দ মাসুদ হোসেন ছাড়াও জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি শামসুল হক, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমীর বোস, সাবেক শ্রমবিষয়ক সম্পাদক সাহাবুদ্দির আহমেদ, মহিলা আওয়ামী লীগের সদস্যসচিব আইভী মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে এই অংশের নেতা-কর্মীরা মিছিল নিয়ে অম্বিকা ময়দানে এসে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
খাগড়াছড়িতে সকাল ১০টার দিকে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরার নেতৃত্বে কদমতলী এলাকায় জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে কেক কাটার পর শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক ঘুরে টাউন হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়।
পরে জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা পরিষদ সদস্য মংশেপ্রু চৌধুরী অপু, আইনজীবী আশুতোষ চাকমা প্রমুখ।
জেলা আওয়ামী লীগের অপর অংশ জাহেদুল আলমের নেতৃত্বে শহরের নারিকেল বাগান এলাকার দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে। পরে তাঁরা টাউন হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।