ফরিদপুর গোপালগঞ্জ বরিশালে নতুন কাপড় বিতরণ
‘সবকিছু নদীতে ভাইঙ্গা গেছে। বস্তিতে পইড়া আছি। কেউ কোনো খবর নেয় না। বন্ধুসভার ছেলেরা আমার বস্তিতে গিয়ে একটা স্লিপ দিয়া আইছিল। এ জন্য আজ এই শাড়িডা পাইলাম। শাড়িডা অনেক কামে লাগব, ঈদের দিন পইরা বেড়াইতে পারব।’নতুন শাড়ি হাতে পাওয়ার পর এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন ফরিদপুর সদরের ভাজনডাঙ্গা এলাকার রহিমা বেগম (৫৪)। শুধু রহিমাকেই নয়, প্রথম আলো ট্রাস্টের সহায়তায় গতকাল বুধবার নদীভাঙনকবলিত ১৫০ জন নারী ও ৫০ জন পুরুষের হাতে নতুন শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। এ ছাড়া বরিশাল ও গোপালগঞ্জে দুটি বৃদ্ধনিবাসে গতকাল ১৫ জন বৃদ্ধ ও বৃদ্ধাকে নতুন পোশাক ও খাবার দেওয়া হয়। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:ফরিদপুর: সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাব চত্বরে বন্ধুসভার সদস্যরা জেলা সদরের গুচ্ছগ্রাম, লক্ষ্মীপুর, ভাজনডাঙ্গা ও বেড়িবাঁধ এলাকার ভাঙনকবলিত ২০০ জন নারী ও পুরুষের মধ্যে নতুন কাপড় বিতরণ করেন। প্রবীণ শিক্ষক জগদীশ চন্দ্র ঘোষ উপস্থিত থেকে এ শাড়ি ও লুঙ্গি দুস্থ লোকজনের হাতে তুলে দেন। এ সময় ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা সালামত হোসেন খান ও বন্ধুসভার সভাপতি মো. হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের বাসিন্দা ইউসুফ সিকদারের বাড়ি নদীতে বিলীন হয়ে গেছে সাত বছর আগে। বর্তমানে বাস করছেন মদনখালী স্লুইসগেট এলাকার এক বস্তিতে। তিনি এখন কাজ করতে পারেন না। নতুন লুঙ্গি পেয়ে তিনি অত্যন্ত খুশি হন এবং বলেন, ‘ঈদের দিন এই লুঙ্গি পইরা নামাজ পড়তে যাব।’বরিশাল: দুপুর ১২টায় নগরের আমতলা মোড়ে বরিশাল শান্তিনিবাসের নয়জন বৃদ্ধ ও বৃদ্ধাকে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে আপেল, বেদানা, কলা, খেজুরসহ খাবারের একটি প্যাকেটও দেওয়া হয়। শান্তিনিবাসের সহকারী মো. সিদ্দিকুর রহমান ও প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা আসমা চৌধুরী নিবাসীদের হাতে খাবার ও পোশাক তুলে দেন। পোশাক, খাবার ও বন্ধুসভার বন্ধুদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে নিবাসীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। ১০ বছর ধরে এই শান্তিনিবাসে আছেন বৃদ্ধা কৎবানু। দুই ছেলে, চার মেয়ে থাকলেও তাদের সঙ্গে থাকার সুযোগ হয় না তাঁর। কৎবানু বলেন, ‘ওরা যে যার মতো আছে। আগে মেয়েরা খোঁজ নিত। এখন তারাও আসে না। বছরে একদিন আপনাদের সঙ্গে দেখা হয়। তখন মনে হয় যে আমার সন্তানরাই তো আসছে।’আবদুস সত্তার মুনশী ও তাঁর স্ত্রী সোনাবরু বেগম দুজনেই থাকেন এই নিবাসে। সোনাবরু বলেন, ‘ছেলে-মেয়েরা এই শহরেই ভাড়া বাড়িতে থাকে। সেখানে আমাদের স্থান হয়নি। তারা এখন আর আমাদের খোঁজ নিতেও আসে না।’ এ সময় বন্ধুসভার সভাপতি রেবেকা সুলতানার সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় সিদ্দিকুর রহমান বলেন, ঈদুল ফিতর ও আজহায় সন্তানেরা তাদের মা-বাবার খোঁজ নিচ্ছে না। সেই মুহূর্তে প্রথম আলো যে আয়োজন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।এরই ফাঁকে বন্ধু মিঠুন নচিকেতার ‘বৃদ্ধাশ্রম’ গানটি গেয়ে শোনান। এই গান শুনে বৃদ্ধ-বৃদ্ধা ও বন্ধুসভার বন্ধুদের চোখ ভিজে যায়। আসমা চৌধুরী বন্ধুসভার বন্ধুদের শপথ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের মা-বাবা ও আত্মীয়রা ফেলনা নন, তাঁদের বোঝা মনে করব না।’এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বন্ধুসভার বন্ধু সুদীপ কুমার নাথ, সাবেক সভাপতি নেজারুর ইসলাম, সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সদস্য নূসরাত জাহান, তন্ময় কুমার নাথ, আশিক রহমান, পিন্টু দাস, ক্রিস্টিনা নিশিতা, অমিত হাসান, শোয়েব, কাঁকন, রত্না, জুঁই।গোপালগঞ্জ: জেলার সাতপাড়ে আলোকিত বৃদ্ধাশ্রমের নিবাসীদের মধ্যে গতকাল বিকেলে নতুন শাড়ি, সেমাই-চিনি ও সাবান বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ বন্ধুসভার সভাপতি আলী নাইম খান, সাধারণ সম্পাদক সালমা আক্তার, বশির আহম্মেদ, জাহাঙ্গীর কবির, স্বপন বালা, গোবিন্দ বালা, চিন্ময় মণ্ডল, প্রথম আলো প্রতিনিধি সুব্রত সাহা, আলোকিত বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা পরিচালক আশুতোষ বিশ্বাস প্রমুখ। বৃদ্ধাশ্রমের নিবাসী হেমলতা (৬৫) বলেন, ‘আমার কেউ নাই। শেষ জীবনে ঠাঁই হয়েছে এই বৃদ্ধাশ্রমে।’ সলক মণ্ডল (৭০) বলেন, ‘মা হইতে পারি নাই। তাই স্বামীর সংসারে জায়গা হয় নাই। বুড়া বয়সে বাপের বাড়িতে জায়গা হয় নাই। বৃদ্ধাশ্রমের লোকজন আমারে এইহানে আনছে। ঠিকমতো খাওন না পাইলেও মাথাগোঁজার ঠাঁই পাইছি।’