ফরিদপুর চিনিকলের বর্জ্য, কুমার নদে মরে যাচ্ছে মাছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর চিনিকলের বর্জ্যে বোয়ালমারী উপজেলার কুমার নদের মাছ মরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই এলাকার জেলেদের অভিযোগ, মধুখালীতে অবস্থিত ফরিদপুর চিনিকলের বিষাক্ত বর্জ্য ওই উপজেলার আড়কান্দি এলাকা দিয়ে কুমার নদের পানিতে মিশে যাওয়ায় নদের মাছ মরে যাচ্ছে।
চার-পাঁচ দিন ধরে বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়াসহ আশপাশের বিভিন্ন গ্রামে কুমার নদে মরে যাওয়া ভেসে উঠছে।
বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের জয়নগর গ্রামের জেলে বিমল কুমার মালো জানান, ওই নদে মাছ ধরতে তাঁর দুটি কাঠা দেওয়া আছে। এতে খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা। মাছ মরে যাওয়ায় তিনি লোকসানে পড়েছেন।
একই গ্রামের অমল মালো দাবি করেন, কুমার নদে ফরিদপুর চিনিকলের বিষাক্ত বর্জ্য ফেলার কারণেই মাছ মরে যাচ্ছে।
জানতে চাইলে ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমজাদ হোসেন বলেন, ‘আমরা মিল চত্বরে চারদিক ঘিরে বর্জ্য রেখেছি। নদীতে বর্জ্য ফেলার অভিযোগ সঠিক নয়।’
এ ব্যাপারে জানতে চাইলে বোয়ালমারী উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, নদে বর্জ্য ফেলার বিষয়টি তাঁর জানা নেই। তা ছাড়া মাছ মরে ভেসে ওঠার ব্যাপারেও তাঁকে কেউ কিছু জানায়নি।