ফরিদপুর থেকে অপহূত যুবক যশোরে উদ্ধার গ্রেপ্তার তিনজন
ফরিদপুর থেকে অপহূত মেহেদী হাসানকে (২০) র্যাব গত শুক্রবার রাতে যশোর থেকে উদ্ধার করেছে। এ সময় অপহরণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: যশোর শহরের রেলগেট এলাকার রাশেদুল ইসলাম (২৭), তানভীর হাসান (১৯) ও রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের রাকিবুল ইসলাম (২০)। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভাষ্যমতে, মেহেদীর বাবা এরশাদুর রহমান র্যাব-৬-এর ক্যাম্পে অভিযোগ করেন, মাদারীপুরের রাজৈর উপজেলার দারাদিয়া গ্রামের রাকিবুল ইসলাম ক্লিনিকে চাকরি দেওয়ার কথা বলে গত বুধবার তাঁর (এরশাদুর) ছেলেকে ফরিদপুর থেকে ডেকে নিয়ে যান। এরপর মুঠোফোনের মাধ্যমে তাঁর কাছে আড়াই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এই টাকা না দিলে মেহেদীকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে তিনি ৫০ হাজার টাকা দিতে রাজি হন। র্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এরশাদুর রহমান ওই টাকা দিতে শুক্রবার রাতে যশোর শহরের হাজী মুহম্মদ মুহসীন (এইচএমএম) সড়কের সোনালী আবাসিক হোটেলের সামনে যান। এ সময় র্যাব-৬-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ক্যাপ্টেন এ বি এম আবুল হাসনাত মোল্লার নেতৃত্বে একটি দল সেখানে অভিযান চালিয়ে মেহেদীকে উদ্ধার করে। আটক করা হয় ওই তিনজনকে।জানতে চাইলে র্যাব-৬-এর ল্যান্স করপোরাল জিন্নাত আলী প্রথম আলোকে বলেন, এ ব্যাপারে মেহেদীর বাবা বাদী হয়ে ফরিদপুর থানায় মামলা করেছেন। অপহরণকারীদের ফরিদপুর থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।