ফরিদপুর পৌর জবাইখানায় নিয়ম না মানার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর পৌরসভার জবাইখানায় নিয়মের তোয়াক্কা না করে গবাদিপশু জবাই করার অভিযোগ উঠেছে। ফরিদপুর শহরের বিভিন্ন বাজারে মাংস বিক্রির জন্য রেলস্টেশনসংলগ্ন লক্ষ্মীপুর এলাকার এ জবাইখানায় প্রতিদিন ভোর পাঁচটা থেকে গরু ও খাসি জবাই করা হয়। গত ১৫ জুন ভোরে সরেজমিনে দেখা গেছে, জবাইখানার নির্ধারিত ঘরের বাইরে রাস্তা ও জবাইখানার মধ্যবর্তী নোংরা জায়গায় পশু জবাই করা হচ্ছে। পশুর মালিকেরা জানান, জবাইখানার ভেতরের বৈদ্যুতিক বাতি নষ্ট। জবাইখানাটি আয়তনে খুব ছোট। সরেজমিনে দেখা যায়, পশুর মালিকেরাই পশু জবাই করছেন। পশুর স্বাস্থ্য পরীক্ষার জন্য কোনো চিকিৎসককে সেখানে পাওয়া যায়নি। কোনো মওলানা উপস্থিত নেই। পশুর মাংসে পৌরসভার সেনেটারি কর্মকর্তার যে সিল মারার কথা, সেটি মারছেন পৌরসভার পিয়ন পরিচয়দানকারী লক্ষ্মীপুর মহল্লার আলতাফ হোসেন নামের এক ব্যক্তি। পৌরসভার সেনেটারি পরিদর্শক মনোয়ার হোসেন বলেন, ‘জবাইয়ের সময় আমি নিয়মিত সেখানে থাকি। পারিবারিক কাজে আমি গত শুক্রবার রাজবাড়ী থাকায় শনিবার সকালে আমার পক্ষে আমার সহকর্মী আলতাফ কাজ করেছেন।’ফরিদপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি আওলাদ হোসেন বলেন, আমি ১৫ জুন সরেজমিনে জবাইখানা পরিদর্শন করেছি। অপরিষ্কার পরিবেশে এবং যাবতীয় নিয়ম লঙ্ঘন করে যে প্রক্রিয়ায় পশুগুলো জবাই করা হচ্ছে, তা দেখে আমার মনে প্রশ্ন জেগেছে, আমরা বাজার থেকে কিনে কী খাচ্ছি। পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী জানান, আলোর ব্যবস্থা করাসহ জবাইখানার পরিবেশ উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। পৌরসভার পশু চিকিৎসক ও মওলানার পদ কীভাবে পূরণ করা যায় সে বিষয়টি দেখা হবে। সেনেটারি পরিদর্শক যাতে প্রতিদিন জবাইয়ের আগে উপস্থিত থাকেন, সে ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।