ফরিদপুর পৌরবাসীর সাঁকো-বিড়ম্বনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুর শহরে কুমার নদে বেইলি সেতুর সংস্কারকাজ চলছে। বিকল্প ব্যবস্থা হিসেবে ফরিদপুর পৌরসভার উদ্যোগে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। কিন্তু সাঁকো দুটি নির্মাণের জায়গা ও নির্মাণপদ্ধতি ঠিক না হওয়ায় চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে জনগণকে। ফরিদপুর শহরের কুমার নদের পূর্ব পারে তিতুমীর বাজার ও পশ্চিম পারে হাজী শরীয়তুল্লাহ বাজার অবস্থিত। প্রতিদিন প্রায় ৫০ হাজার লোক বাজার করা, স্কুল-কলেজ, অফিস-আদালতসহ প্রাত্যহিক কাজে এ সেতুটি ব্যবহার করে থাকে।গতকাল বুধবার সরেজমিনে দেখা যায়, আলীমুজ্জামান বেইলি সেতুর উত্তর পাশে পৌরসভার উদ্যোগে পাশাপাশি দুটি বাঁশের সাঁকো নির্মাণ করে দেওয়া হয়েছে। একটি সাঁকো দিয়ে যাওয়া ও অন্যটি আসার জন্য ব্যবহার করা হচ্ছে। সড়ক থেকে সাঁকোতে ওঠা ও নামার জায়গা খাড়া ঢালযুক্ত। এ কারণে প্রায় ৬০ ফুট খাড়া সরু পথ অতিক্রম করে পথচারীদের ঝুঁকি নিয়ে সাঁকোতে উঠতে হচ্ছে। এ খাড়া জায়গার কারণে পথচারীদের আছাড় খেয়ে পড়তে হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে নারী, শিশু ও বৃদ্ধদের। ভিড়ের কারণে যেকোনো সময় দুর্ঘটনাও ঘটতে পারে। এ সেতুটি প্রতিবার পার হওয়ার জন্য পথচারীদের দুই টাকা করে দিতে হচ্ছে। পথচারীরা সেতু ব্যবহারের পথ সমতল ও মসৃণ করার পাশাপাশি বিনা মূল্যে পারাপারের দাবি জানিয়েছে।ফরিদপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, দুই কোটি ৩০ লাখ টাকায় কুমার নদের ওই জায়গার ওপর ঝুলন্ত একটি বেইলি সেতু নির্মাণের দায়িত্ব পেয়েছে সরকারি ঠিকাদারি প্রতিষ্ঠান চিটাগাং ড্রাই ডক লিমিটেড। ১৮ নভেম্বর থেকে আগের সেতুটি ভাঙার কাজ শুরু হয়েছে। ৩১ ডিসেম্বরের মধ্যে এটি পুনর্নির্মাণের কাজ শেষ হওয়ার কথা। ফরিদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সন্তোষ কুমার রায় জানান, এ সেতুটি সরিয়ে ফেললেও চলাচলের জন্য সড়ক বিভাগের একটু দূর দিয়ে বিকল্প সেতু আছে। তাই এখানে বিকল্প সেতু নির্মাণের কোনো উদ্যোগ নেই। তবে পৌরসভা যেহেতু পৌরবাসীর করের টাকায় চলে, এ জন্য তারা (পৌরসভা) বিকল্প ব্যবস্থা করতে পারে।পৌরসভা সূত্রে জানা গেছে, পৌরসভার উদ্যোগে শহরবাসীর কষ্ট লাঘবের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে ওই সেতুর পাশে দুটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছে। দুই মাসের জন্য পৌরসভা এক লাখ ২২ হাজার টাকায় সাঁকো দুটি ইজারা দিয়েছে। হাজী শরীয়তুল্লাহ বাজার কমিটিকে পশ্চিম পার ও ছাত্রলীগের ৩০ জন কর্মীকে পূর্ব পারের টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিবার পার হওয়ার জন্য প্রত্যেককে দুই টাকা করে দিতে হবে। ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহাতাব আলী জানান, পারাপারে মানুষকে দুর্ভোগে পড়তে হচ্ছে। জরুরি ভিত্তিতে কাজ শেষ করায় কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। বালুর বস্তা ফেলে ঢালটি ঠিক করে দেওয়া হবে। এর জন্য একটু সময় লাগবে। বিনা মূল্যে পারাপারের দাবির ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।