ফরিদপুর বিএনপিতে অসন্তোষ, কমিটি বাতিলের দাবি
ফরিদপুরে জেলা বিএনপির সদ্য ঘোষিত কমিটি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে। দলের একাংশের নেতা-কর্মীরা এ কমিটি প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রেখেছেন। পদবঞ্চিত নেতা-কর্মীরা এ কমিটিকে ‘পকেট কমিটি’ অভিহিত করে তা বাতিলের দাবি জানিয়েছেন।গত শুক্রবার জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদাররেস আলী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে স্থানীয় একটি দৈনিকে জেলা বিএনপির ১৫১ সদস্যবিশিষ্ট কমিটি এবং ১১ সদস্যের একটি উপদেষ্টা পরিষদের নাম প্রকাশিত হয়। ঘোষিত কমিটিতে জহিরুল হক ওরফে শাহজাদা মিয়া সভাপতি, সৈয়দ মোদাররেস আলী সাধারণ সম্পাদক ও রশিদুল ইসলাম লিটন সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। কমিটিতে কার্যকরী সদস্যের সংখ্যা ৮৭।ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফের পক্ষের নেতা-কর্মীরা ওই কমিটি প্রত্যাখ্যান করেন। তাঁরা দাবি করেন, ঘোষিত কমিটিতে অনেক নিবেদিতপ্রাণ নেতা-কর্মী স্থান পাননি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ। এ পক্ষের নেতা-কর্মীরা ঘোষিত কমিটিকে শাহজাদা মিয়ার ‘পকেট কমিটি’ উল্লেখ করে তা বাতিলের দাবিতে গত সোমবার সন্ধ্যায় শহরের জনতা ব্যাংকের মোড় থেকে মিছিল বের করেন। পরে তাঁরা প্রেসক্লাবের সামনে এসে জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া এবং সম্পাদক সৈয়দ মোদাররেস আলীর কুশপুত্তলিকা পোড়ান। একই দাবিতে দলের বিক্ষুব্ধ অংশের নেতা-কর্মীরা রোববার সন্ধ্যায় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন। এ ছাড়া গত শনিবার তাঁরা জনতা ব্যাংকের মোড়ে প্রতিবাদ সমাবেশ শেষে শহরে ঝাড়ুমিছিল বের করেন।জেলা বিএনপির সভাপতি শাহজাদা মিয়া বলেন, খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী দলের মহাসচিব জেলা কমিটি ঘোষণা করেছেন। কমিটি বাতিল বা রদবদলের প্রশ্নই ওঠে না।