ফরিদপুর-মাগুরা বাস চলাচলে সমঝোতা
ফরিদপুর থেকে মাগুরাসহ ১৮টি পথে বাস চলাচলের ক্ষেত্রে আপাতত সমঝোতা হয়েছে। গত সোমবার রাতে দুই জেলার প্রশাসনিক কর্মকর্তা ও পরিবহন মালিক-শ্রমিক নেতাদের মধ্যে দীর্ঘ আলোচনার পর এই সমঝোতা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের সমস্যা নিয়ে ফরিদপুরের মধুখালীর বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ ডিগ্রি কলেজের সম্মেলনকক্ষে বিকেল পাঁচটায় সভা শুরু হয়। এতে ফরিদপুরের পক্ষে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ ও মাগুরার পক্ষে নেতৃত্ব দেন মাগুরার জেলা প্রশাসক সুশান্ত কুমার সিনহা। সভায় উভয় জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। আলোচনার পর আপাতত আগের নিয়মে এই দুই জেলার মধ্য দিয়ে বাসসহ সর্বপ্রকার পরিবহন চলাচলের সিদ্ধান্ত হয়। পরে আসন্ন দুর্গা পূজার পর এ ব্যাপারে পুনরায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম সিদ্দিকী জানান, সমঝোতা অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল থেকে পুনরায় মাগুরা হয়ে ১৮টি রুটে বাস চলাচল শুরু হয়েছে। তবে সকাল সাড়ে নয়টার দিকে ফরিদপুর থেকে খুলনাগামী সিনহা পরিবহনের একটি বাসকে মাগুরা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে বাধা দেওয়া হয়। পরে ফোনে কথা বলে ওই সমস্যার সমাধান করা হয়।মাগুরা বাস মালিক নেতা আবু সাহিদ মীর বলেন, ‘পাঁচ মন্ত্রীর বলে বলীয়ান ফরিদপুর মালিক সমিতি তাদের লাইসেন্স ব্যাকডেটে বাতিল করে সোমবারের সভায় আমাদের কথা বলার সুযোগ দেয়নি। তবে আগের নিয়মে গাড়ি চলাচলের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল থেকে গাড়ি চলাচল শুরু হয়েছে।’