ফরিদপুর মেডিকেলে ক্লাস বর্জন সলঙ্গায় অধ্যক্ষের কক্ষে তালা
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মিছিল-সমাবেশ অব্যাহত রয়েছে। দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। এর ধারাবাহিকতায় শিক্ষার্থীরা গতকাল শনিবার সকালে অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এদিকে সরস্বতী পূজা উপলক্ষে ফরিদপুর মেডিকেল কলেজে নির্মিত একটি দেয়ালিকার ক্ষতিসাধন করার প্রতিবাদে এই কলেজের শিক্ষার্থীরা গতকাল সব ক্লাস বর্জন করেছেন।সিরাজগঞ্জ: সলঙ্গা ডিগ্রি কলেজের সাধারণ ছাত্রছাত্রীদের অভিযোগ, অধ্যক্ষ নরেশ চন্দ্র তালুকদার লাখ লাখ টাকা নয়ছয় করেছেন। চাকরির মেয়াদ শেষ হওয়ার পরও দুই বছর ধরে তিনি অবৈধভাবে অধ্যক্ষের পদ আঁকড়ে আছেন। সম্প্রতি তিনি কলেজের খেলার মাঠ ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে অর্থ আত্মসাত্ করেছেন এবং শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ করে দিয়েছেন।জানা যায়, ওই সব অভিযোগ তুলে অধ্যক্ষের অপসারণের দাবিতে গত বৃহস্পতিবার থেকে ছাত্রছাত্রীরা আন্দোলনে নামেন। গতকাল সকালে অধ্যক্ষ কলেজ ক্যাম্পাসে প্রবেশ করে নিজের কক্ষে যাওয়ার আগেই শিক্ষার্থীরা তাঁর কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা একটি মিছিল বের করে স্থানীয় শহীদ মিনার চত্বরে জড়ো হন। সেখানে সমাবেশের পর তাঁরা ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর স্মারকলিপি পেশ করেন। আকস্মিক কলেজে শিক্ষা বোর্ড থেকে একটি নিরীক্ষা দল আসে। এ সময় কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের হস্তক্ষেপে দুপুর দুইটার দিকে শিক্ষার্থীরা অধ্যক্ষের কক্ষের তালা খুলে দেন। সমাবেশে বক্তব্য দেওয়া ছাত্রছাত্রীদের মধ্যে ইমরান হাসান, সোহেল রানা, মজনু ও সাগর অভিযোগ করে বলেন, দীর্ঘদিন কলেজটি সুষ্ঠুভাবে পরিচালিত হলেও বর্তমান অধ্যক্ষ নিয়োগ পাওয়ার পর ব্যাপক অনিয়ম ও দুর্নীতি শুরু হয়। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের টাকা তিনি আত্মসাত্ করেন। এ রকম দুর্নীতিবাজ অধ্যক্ষের প্রয়োজন নেই।কলেজ ব্যবস্থাপনা কমিটির সদস্য মো. আবু বক্কার সিদ্দিক গতকাল দুপুর দেড়টার দিকে প্রথম আলোকে জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থাপনা কমিটির সভা ডেকে কলেজের অধ্যক্ষর বিরুদ্ধে ছাত্রছাত্রীদের অভিযোগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।কলেজের অধ্যক্ষ নরেশ চন্দ্র তালুকদার দাবি করেন, তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ব্যবস্থাপনা কমিটির সদস্যদের অনুমতিক্রমে ২৫ হাজার টাকার বিনিময়ে ২০-২৫ দিনের জন্য কলেজ মাঠ ভাড়া দেওয়া হয়েছে।ফরিদপুর: মেডিকেল কলেজের পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অশোক কুমার পোদ্দার জানান, পূজার দিন (বুধবার) সকালে দেয়ালিকাটি কলেজের প্রশাসনিক ভবনের নিচতলায় এক নম্বর গ্যালারির পাশে টানানো হয়। শোলা দিয়ে তৈরি করা ওই দেয়ালিকাতে বিদ্যাদেবী সরস্বতীর প্রতিকৃতি ছিল। অজ্ঞাতনামা দুষ্কৃতকারীরা প্রতিকৃতিটির তিনটি জায়গায় ক্ষতিসাধন করে। গত শুক্রবার রাত নয়টার দিকে বিষয়টি তাঁদের নজরে এলে কালো কাপড় দিয়ে দেয়ালিকাটি ঢেকে দেওয়া হয়। ঘটনাটি তাত্ক্ষণিকভাবে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি জানান, এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে গতকাল সব ক্লাস বর্জন করেছেন।এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ মেডিকেল কলেজ শাখা গতকাল সকালে ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিল থেকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়া পর্যন্ত ক্লাস বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেন ছাত্রলীগের নেতারা। ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আ স ম জাহাঙ্গীর চৌধুরী প্রথম আলোকে বলেন, এটি একটি নিন্দনীয় ঘটনা। ঘটনাটি ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।