ফরিদপুর মেডিকেলে চিকিৎসকদের কর্মবিরতি
দুই শিক্ষানবিশ চিকিৎসক লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অর্ধশত শিক্ষানবিশ চিকিৎসক গত শুক্রবার রাত ১২টা থেকে গতকাল শনিবার বেলা সাড়ে তিনটা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন। শিক্ষানবিশ চিকিৎসকদের সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সোয়া ১১টার দিকে ফরিদপুর সদরের হাটগোবিন্দপুর গ্রামের সালাউদ্দীন মোল্লা (৩৫) নামের সাপে কাটা এক রোগীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান। রাত পৌনে ১২টার দিকে মৃতের প্রায় ৫০ জন আত্মীয় এসে ওই ওয়ার্ডে কর্মরত দুই শিক্ষানবিশ চিকিৎসককে লাঞ্ছিত করেন।বেলা একটার দিকে শ্রমমন্ত্রীর ভাই খন্দকার মোহতেশাম হোসেন কর্মবিরতি পালনকারী চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসেন। তিনি রোববার থেকে গেটপাস চালু, রাতে পুলিশ টহলের আশ্বাস দিয়ে তাঁদের কর্মবিরতি প্রত্যাহারের আহ্বান জানান। বেলা সাড়ে তিনটায় শিক্ষানবিশ চিকিৎসকেরা কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, এ ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক গতকাল শনিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।