গ্রিসের একটি খামারে নির্যাতনের শিকার হওয়া ৪২ বাংলাদেশির দায়ের করা অভিযোগটি তদন্ত করবেন মানবাধিকার-বিষয়ক ইউরোপীয় আদালত। ওই অভিযোগে গ্রিসের বিরুদ্ধে মানবাধিকার-বিষয়ক ইউরোপীয় কনভেনশনের ৪১ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। গত শুক্রবার ওই আদালত এ কথা জানিয়েছেন। খবর স্পুটনিক নিউজ ডটকমের।
ইউরোপীয় মানবাধিকার-বিষয়ক কনভেনশনের ৪১ ধারায় বাধ্যতামূলক শ্রম ও দাসত্ব নিষিদ্ধ করা হয়েছে। বেসরকারি সংস্থা গ্রিক কাউন্সিল ফর রিফিউজিস (জিসিআর) শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, ‘গ্রিসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এটাই প্রথম এবং ইউরোপীয় পর্যায়ে এমন ব্যাপক আকারে বাধ্যতামূলক শ্রমের বিষয়টিও এই প্রথম সামনে এসেছে।’
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আন্তর্জাতিক চারটি মানবাধিকার সংগঠন এবং একাডেমিক প্রতিষ্ঠান এই মামলায় সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে। অভিযোগের বিষয়ে নিজেদের বক্তব্য দেওয়ার জন্য ২০ জানুয়ারি গ্রিস কর্তৃপক্ষকে ডাকা হয়েছে।
প্রায় ছয় মাস ধরে বেতন না পাওয়ায় ২০১৩ সালে প্রতিবাদ-বিক্ষোভ করেন গ্রিসের একটি স্ট্রবেরি খামারের প্রায় ২০০ কর্মী। এঁদের বেশির ভাগ বাংলাদেশি ও পাকিস্তানি। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে খামারের তত্ত্বাবধায়কেরা তাঁদের ওপর গুলি চালান। পুলিশের প্রতিবেদন অনুযায়ী, এতে অন্তত ২৮ জন আহত হন।