ফরিদপুর মেডিকেলে চিকিৎসাসেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেলে চিকিৎসকদের মারধরের ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন চিকিৎসকেরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগের শিকার হয়। ছবিটি সন্ধ্যায় তোলা l প্রথম আলো
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল বিকেলে চিকিৎসকদের মারধরের ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগে তালা ঝুলিয়ে দেন চিকিৎসকেরা। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা দুর্ভোগের শিকার হয়। ছবিটি সন্ধ্যায় তোলা l প্রথম আলো

সড়ক দুর্ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে মারা যাওয়ার পর তাঁর স্বজনদের হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন দুই শিক্ষানবিশ চিকিৎসক ও এক সেবিকা। এ ঘটনার প্রতিবাদে শিক্ষানবিশ চিকিৎসকেরা হাসপাতালের জরুরি বিভাগে তালা দিয়ে সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ করে দিয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে শহরের পশ্চিম খাবাসপুর এলাকায় অবস্থিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। এর ফলে দূর-দূরান্ত থেকে জরুরি চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগের মুখে পড়তে হয়েছে। সন্ধ্যা সাতটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত হাসপাতালের এ অচলাবস্থা অব্যাহত ছিল।
হাসপাতালের ওয়ার্ডমাস্টার আরিফ ইসলাম বলেন, বিকেল চারটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুর সদরের ধুলদী এলাকায় একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়লে মাইক্রোবাসের চার আরোহী আহত হন। তাঁদের চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের পুরুষ সার্জারি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়। সেখানে বিকেল সাড়ে চারটার দিকে আহত এক রোগী মারা যান।
তিনজন প্রত্যক্ষদর্শী বলেন, আহত এক রোগীর মৃত্যু হলে তাঁর স্বজনেরা ওই ওয়ার্ডে কর্তব্যরত শিক্ষানবিশ নারী চিকিৎসক সানজিদা ও শিক্ষানবিশ চিকিৎসক আবুল হাসনাত এবং এক সেবিকাকে চেয়ার দিয়ে মারধর করেন।
ওই দুর্ঘটনায় আহত অন্য রোগী ও তাঁর স্বজনেরা এরপর হাসপাতাল থেকে পালিয়ে যান। হাসপাতালে কর্মরত শিক্ষানবিশ চিকিৎসকেরা তাঁদের ওপর হামলার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে বিক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে তাঁরা জরুরি বিভাগে তালা মেরে হাসপাতালের চিকিৎসাসেবা কার্যক্রম বন্ধ করে দেন।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগের দরজায় তালা ঝুলছে। সেখানে বিভিন্ন জায়গা থেকে চিকিৎসা নিতে আসা রোগীরা ভিড় করেছেন।
মোটরসাইকেলে আহত স্বামী মো. নাজিরুল ইসলামকে (৫৫) একটি অ্যাম্বুলেন্সে করে নিয়ে এসেছেন তাঁর স্ত্রী মাগুরার জেলপাড়া এলাকার রোজী আক্তার। রোজী আক্তার জানান, মাগুরা থেকে তাঁদের পাঠানো হয়েছে। কিন্তু চিকিৎসা বন্ধ থাকায় অ্যাম্বুলেন্সের মধ্যেই থাকতে হচ্ছে রোগীকে।
রাজবাড়ীর ধুনচী থেকে সন্তানসম্ভবা স্ত্রী রেহানা বেগমকে (৩৫) নিয়ে এসেছেন স্বামী রেজাউল ইসলাম। রেজাউল বলেন, ‘স্ত্রীর অবস্থা ভালো নয়। কিন্তু হাসপাতালের জরুরি বিভাগ বন্ধ থাকায় তাঁকে ভর্তি করাতে পারছি না।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ আ স ম জাহাঙ্গীর চৌধুরী বলেন, ‘রোগীর স্বজনেরা দুই চিকিৎসক ও এক সেবিকাকে চেয়ার দিয়ে নির্মমভাবে পিটিয়েছেন। এ কারণে শিক্ষানবিশ চিকিৎসকেরা জরুরি বিভাগে তালা দেওয়াসহ চিকিৎসাসেবা বন্ধ রেখেছেন। আমরা জরুরি বিভাগ খোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’